ঢাকার উপকন্ঠ ধামরাইয়ে মাদক সেবী ও মাদক বিক্রেতাদের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে গ্রামবাসী।
রবিবার (৬ অক্টোবর) দুপুরে বালিয়া ইউনিয়নের বাবনহাটি’র গ্রামবাসী ধামরাইয়ের কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কে অবস্থান নেয় এবং মাদকসেবী ও বিক্রেতাদের বিরুদ্ধে দুই হাত উঁচিয়ে প্রতিবাদ জানায়। তাদের গ্রামটি যেন মাদকমুক্ত থাকে এ বিষয়ে প্রশাসনের নিকট গ্রামবাসী আবেদন জানায়।
জানা যায়, উপজেলার বালিয়া ইউনিয়নের বাবনহাটি গ্রামে মাদক বিক্রি ও সেবনে বাঁধা দেওয়ায় মাদকসেবী ও ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান সহ ঘর বাড়ি ও খড়ের পালাতে আগুন দিয়ে প্রভূত ক্ষতি সাধন করে। এ ঘটনায় গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে মাদক সেবী ও মাদক বিক্রেতাদের বিরুদ্ধে এই প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে।
এব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, আমি মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মজনুসহ অন্যান্য মাদকসেবীরা আমার বাড়িতে ও দোকানে আগুন লাগিয়ে দিয়েছিল। এখন আমি ভয়ে আছি,আরও যদি বড় ধরনের কোনো ক্ষতি করে তারা?
বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ হোসেন বলেন, আজকের সভার বিষয়ে আমি জানি না। তবে এ বিষয়ে আমি জেনে ব্যবস্থা নিবো।
ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা জানান, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ সভার ব্যাপারে আমার কাছে কোন অভিযোগ আসে নাই। তবে মাদকের বিরুদ্ধে আমরা ‘জিরো টলারেন্স’ নীতিতে রয়েছি বিধায় তদন্ত করে ওই এলাকার মাদকসেবী ও বিক্রেতাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেবো।
বার্তাবাজার/এম.কে