সরিষাবাড়ীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

জামালপুরের সরিষাবাড়ীতে পারিবারিক কলহের জের ধরে চার সন্তানের জননী হামিদা বেগম (৪০) নামে এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সুরুজ আলীর বিরুদ্ধে।

শনিবার রাতে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী অলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ রির্পোট লেখা পর্যন্ত সুরুজ আলী পলাতক রয়েছে।

পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী অলিপাড়া গ্রামের সুরুজ আলীর স্ত্রী হামিদা বেগম (৪০)। র্দীঘ দিন ধরে স্বামী-স্ত্রী দুজনের মধ্যে পারিবারিক কলহ লেগে আসছিলো।

এ নিয়ে শনিবার বিকেলে উভয়ের মধ্যে ঝগড়া হয়। এর পরিপ্রেক্ষিতে শনিবার রাতেই নিজবাড়ীর বসত ঘরে ঝুলন্ত অবস্থায় হামিদা বেগমের লাশ দেখতে পায় পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত হামিদা বেগমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে নিহতের মেয়ে সনিকা বলেন , আমার বাবা প্রায়ই বিভিন্ন বিষয়ের জন্য মাকে মারধর করতো। শনিবার বিকেলেও আমার বাবা মায়ের মধ্যে ঝগড়া হয়। এ কারনেই মা ফাসিতে ঝুলে আত্মহত্যা করেছে। এর জন্য দায়ী আমার বাবা নিজে। এ বিষয়ে বাবার কাছে আমি জানতে চাইলে আমাকে মারতে আসে বাবা।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে । নিহতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। রোববার সকালে নিহতের লাশ ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রির্পোট না পাওয়া পযর্ন্ত কিছু বলা যাচ্ছে না।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর