পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে স্বাধীনতার দাবিতে মিছিল

স্বাধীনতার দাবিতে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে কয়েক হাজার মানুষ সীমান্ত অভিমূখে মিছিল করেছেন। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার ও স্বাধীনতার দাবিতে শনিবার দুই কাশ্মীরকে বিভক্ত করা নিয়ন্ত্রণ রেখার উদ্দেশ্যে ‘ফ্রিডম মার্চ’ নামের এই মিছিল শুরু হয়।

অবরুদ্ধ কাশ্মীরের পরিস্থিত পর্যবেক্ষণ করতে সেখানে মার্কিন এক সিনেটরকে প্রবেশের অনুমতি না দেওয়ার একদিন পর এই মিছিল করলেন কাশ্মীরিরা। মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এ খবর জানিয়েছে।

পরমাণু শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তান উভয়ই কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে।১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভের পর ভারত-পাকিস্তান তিনটি যুদ্ধের মধ্যে দুটি অনুষ্ঠিত হয়েছে কাশ্মীর ইস্যুতে। গত ৫ আগস্ট (সোমবার) ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মীরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার। এর প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করাসহ ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কার করেছে পাকিস্তান। দুই দেশের সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। কাশ্মীর সীমান্তে চলছে টানটান উত্তেজনা। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের মানবাধিকার ইস্যুতে পাকিস্তান সোচ্চার হলেও তাদের নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরেও গত কয়েক দিন ধরে ব্যাপক ধর-পাকড় হয়েছে।

দুই দেশের কাছে কাশ্মীরের স্বাধীনতা দাবি করে শ্লোগান দিতে দিতে অগ্রসর হচ্ছিলো পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বিক্ষোভকারীরা। তবে নিয়ন্ত্রণরেখা কয়েক কিলোমিটার আগে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয়।

ইজাজ আহমেদ নামের ৬৪ বছর বয়সী এক চিকিৎসক জানিয়েছেন, ‘আমি কাশ্মীরি ভাইদের প্রতি সংহতি জানাতে এই মিছিলে যাচ্ছি। যারা দুই মাস ধরে কারফিউ’র মধ্যে বসবাস করছে।’

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে শনিবার এই মার্চ শুরু করে জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের (জেকেএলএফ) সমর্থকরা। তারা ভারত সীমান্তের নিয়ন্ত্রণরেখার উদ্দেশ্যে যাত্রা করে।

এর আগে ১৯৯২ সালে একবার ওই নিয়ন্ত্রণরেখা অতিক্রমের চেষ্টা করেছিলো জেকেএলএফ। তবে সে সময় তাদের প্রতিহত করতে পুলিশের সঙ্গে সংঘর্ষে ১২ জন নিহত হয়।

মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হলেনকে ভারত নিয়ন্ত্রতি কাশ্মীরে প্রবেশ করতে না দেওয়ার পর তিনি পাকিস্তানে যান। দেশটির পূর্বাঞ্চলীয় শহর মুলতানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। হলেন বলেন, ‘আমরা মনে করে সেখানকার পরিস্থিতি নিজ চোখে দেখার জন্য সাংবাদিক ও অন্যান্যদেরকে প্রবেশ অনুমতি দেওয়া উচিত।’

এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আন্দোলনকারীদের নিয়ন্ত্রণরেখা অতিক্রম করতে নিষেধ করেছেন। তিনি বলেন, ‘এই ইস্যুকে কেন্দ্র করে সেখানে কাশ্মীরিদের ওপর নির্যাতন বাড়িয়ে দিতে পারে ভারত।’

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর