ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) নির্বাহী পরিচালক প্রকৌশলী মো. রমিজ উদ্দিন সরকারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে সংস্থাটি।
রবিবার (৬ অক্টোবর) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি করেন সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক জানায়, ডিপিডিসির নির্বাহী পরিচালক রমিজ তার দাখিল করা সম্পদবিবরণীতে ১ কোটি ১৮ লাখ ৯২ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এছাড়া অনুসন্ধানে নামে-বেনামে ১ কোটি ৯৫ লাখ ৭৯ হাজার ৮৬৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য মিলেছে।
দুদক আরও জানায়, মামলায় মানি লন্ডারিং আইনে রমিজের বিরুদ্ধে ২ কোটি ৬১ লাখ ৭৯ হাজার ৮৬৭ টাকা স্থানান্তর ও রূপান্তরের অভিযোগ আনা হয়েছে।
গত ২০ জানুয়ারি প্রকৌশলী রমিজকে সম্পদবিবরণী দাখিলের নোটিশ পাঠানো হয়। পরে ৭ মার্চ রমিজ ও তার স্ত্রী সালমা পারভীনকে জিজ্ঞাসাবাদ করে দুদক। এর আগে গত বছরের শেষ দিকে এই দম্পতির বিরুদ্ধে দুদকে অভিযোগ জমা হয়।
বার্তাবাজার/ডব্লিওএস