আশুলিয়ায় পিকআপ ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ১, আহত ৩

ঢাকার সাভারের আশুলিয়াযর বেড়িবাঁধ এলাকায় পানিভর্তি পিকআপ ভ্যানের সঙ্গে একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে টেংগুরী এলাকার আলফা ক্লোজিং লিমিটেডের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) তাজিমুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। রবিবার (৬ অক্টোবর) সকাল ৭টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের মরাগাঙ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

এব্যাপারে ঢাকার উত্তরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, দূর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ সম্পন্ন করা হয়। নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া আশুলিয়া থানা পুলিশের একটি রেকার গাড়ি দুটিকে উদ্ধার করে রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক মোঃ সাজ্জাদ হোসেন জানান, রবিবার সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়ার টেংগুরী এলাকার আলফা ক্লোথিং লিমিটেডের কারখানার এজিএম তাজিমুল ইসলাম প্রাইভেটকারে করে অফিসের উদ্দেশে যাচ্ছিলেন। তাকে বহনকারী গাড়িটি আশুলিয়ার মরাগাঙ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পানিভর্তি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তাজিমুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। এছাড়া প্রাইভেটকারের চালক ও পানিবাহী পিকআপ ভ্যানের চালকসহ তিনজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানান, এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর