রংপুর সদর-৩ আসনের উপ-নির্বাচনে বিএনপি প্রার্থী রিটা রহমান ভোটগ্রহণে কারচুপির অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করেছেন। শনিবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৮টায় তার বাসভবনে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
রিটা বলেন, শুক্রবার রাতে আমাদের নেতাকর্মীদের বাড়িতে তল্লাশি চালিয়ে আতঙ্ক তৈরি করা হয়েছিল। নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি।
তিনি অভিযোগ করে আরো বলেন, আজ বিকেল চারটা পর্যন্ত আমরা দেখলাম ৭-৮ শতাংশ ভোট পড়েছে, কিন্তু ফলাফলে তা ২০ শতাংশ হলো কীভাবে। এত ভোট কে দিলো? ভোটার উপস্থিতি এত কম হওয়ার পরও কীভাবে এত বেশি ভোট পেলো তারা।
এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রংপুর-৩ (সদর) উপ-নির্বাচনে হুসেইন মুহম্মদ এরশাদের পুত্র রাহগির আল মাহি এরশাদ (সাদ) বেসরকারিভাবে জয়ী হয়েছেন। নির্বাচনে মোট ১৭৫টি কেন্দ্রে সাদ এরশাদ (লাঙ্গল) পেয়েছেন ৫৮ হাজার ৮৭৮ ভোট।
আর বিএনপি মনোনীত প্রার্থী রিটা রহমান পেয়েছেন (ধানের শীষ) ১৬ হাজার ৯৪৭ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মকবুল শাহরিয়ার (মটরগাড়ি) ১৪ হাজার ৯৮৪ ভোট পেয়েছেন।
এদিকে নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী এইচ এম এরশাদের ছেলে সাদ এরশাদ।
বার্তাবাজার/কেএ