জানুয়ারিতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ?

দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে মরিয়া হয়ে আছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই চেষ্টার অংশ হিসেবে শ্রীলঙ্কাকে তারা পাকিস্তানের মাটিতে সিরিজ খেলতে রাজী করাতে পেরেছে।

ইতিমধ্যে করাচিতে ১০ বছর পর অনুষ্ঠিত হয়ে গেছে ওয়ানডে সিরিজ। আজ থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টির লড়াই। বাংলাদেশের নারী ক্রিকেট দলও পাকিস্তানে খেলতে যাচ্ছে আগামী মাসে। এমতাবস্থায় পুরুষ ক্রিকেটারদের নিয়ে কী সিদ্ধান্ত নেবে বিসিবি?

২০০৮ সালের পর পাকিস্তানের মাটিতে বাংলাদেশের পুরুষ জাতীয় দল খেলেনি। আগামী বছরের জানুয়ারিতে পাকিস্তানের মাটিতে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশের। ইতিমধ্যেই পিসিবি নিরপেক্ষ ভেন্যুতে খেলবে না মর্মে কঠোর অবস্থান নিয়েছে।

যে কারণে শ্রীলঙ্কা দল সফরে গেছে, তবে ১০ জন শীর্ষ ক্রিকেটার ছাড়া। বিশ্বের বড় দলগুলো এখনও পাকিস্তানের মাটিতে খেলার বিষয়ে ইতিবাচক নয়। জানুয়ারির সফর নিয়ে খুব স্বাভাবিকভাবেই একটা সিদ্ধান্তে আসতে হবে বিসিবিকে।

কিছুদিন আগে শ্রীলঙ্কায় জঙ্গি হানা হলেও তামিমরা গিয়ে খেলে এসেছে। তবে সন্ত্রাসের আঁতুড়ঘর পাকিস্তানের পরিস্থিতি ভিন্ন। ওই সিরিজ নিয়ে বিসিবির বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলছেন, আগামী কয়েকদিনের মধ্যেই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

তার ভাষায়, ‘আমাদের কাছে নিরাপত্তা সব সময়ই প্রাধান্য পাবে। আমরা কোথায় খেলব, সিদ্ধান্তটা পুরোপুরি হয়নি। কোথায় খেলব, এটা ঠিক করবে পিসিবি। পরবর্তী বোর্ড সভায় সম্মিলিত সিদ্ধান্ত আর সরকারের সবুজ সংকেতের ওপর নির্ভর করছে এই সফর।’

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর