প্রধানমন্ত্রী নির্দেশ দেওয়ার পরও কেন আটক হয়নি সম্রাট

আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ও সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দেওয়ার পরও এখন পর্যন্ত কেন যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে আটক করা হয়নি- সে বিষয়ে প্রশ্ন তুলেছেন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দেওয়ার পরও কেন এখন পর্যন্ত সম্রাটকে আটক করা হয়নি? কেন এ নিয়ে ধুম্রজাল সৃষ্টি করা হচ্ছে? তাকে বাঁচানোর জন্য কারা ষড়যন্ত্র করছে, পায়তারা করছে। এগুলো আমাদের দেখতে হবে।

শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের এক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, বেসিক ব্যাংককে ডুবিয়েছে আব্দুল হাই বাচ্চু।

আজ পর্যন্ত কেন দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে মামলা করেনি, তাকে আটক করেনি? সিটি করপোরেশনের এই ব্যর্থতা কেন? মশা মারার অর্থ কাদের পকেটে গেছে, কাদের পকেটে যায়? কে বা কারা এই প্রকল্প থেকে ২০ ভাগ টাকা আগেই পকেটস্থ করে? তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে।

প্রকল্পে বালিশের দাম চড়া করা হয়, পরে সেই প্রকল্প ভাগাভাগি করা হয়। এর পেছনে বা নেপথ্যে কারা এই ষড়যন্ত্রকারী? তাপস বলেন, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ছিলেন দুর্নীতিগ্রস্থ। ষোড়শ সংশোধনীর বাতিলের রায়কে ঘিরে ষড়যন্ত্র শুরু হলে আইনজীবীরা সোচ্চার ভূমিকা রাখেন।

জাতীয় নির্বাচনেও আইনজীবীরা সক্রিয় ভূমিকা রেখেছেন। এসময় সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন ফজলে নুর তাপস। তিনি জানান, আওয়ামী লীগ সভাপতি ১৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি দিয়েছিলেন। সংগঠনের যাত্রা শুরুর প্রাক্কালে গঠনতন্ত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়।

আজ গঠনতন্ত্রের খসড়া কমিটির সকলের কাছে পৌঁছানো হয়েছে। ইতোমধ্যে দেশের সব বার-এ সদস্য সংগ্রহে কাজ করেছে সংগঠন। সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি, যুগ্ম আহ্বায়ক ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম এমপি, অ্যাডভোকেট কাজী মো. নজীব উল্লাহ হিরু, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন, ঢাকা মহানগর পিপি অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু, ঢাকা জেলার পিপি অ্যাডভোকেট খোন্দকার আবদুল মান্নান, অ্যাডভোকেট মো. মোখলেছুর রহমান বাদল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট এস এম মনির, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. বশির আহমেদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শেখ হেমায়েত হোসেন প্রমুখ।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর