বিবাহবহির্ভূত পর্যটক নারী-পুরুষ একসঙ্গে থাকতে পারবে সৌদি হোটেলে

পর্যটক টানতে এবার কোনো প্রকার সম্পর্কের প্রমাণ ছাড়াই বিবাহবহির্ভূত বিদেশি নারী-পুরুষদের একসঙ্গে এক রুমে থাকার অনুমতি দিয়েছে সৌদি আরব। পাশাপাশি, সৌদি নারীদের জন্যেও শিথিল করা হয়েছে হোটেলে ওঠার নিয়ম।

এখন থেকে শুধু নিজের পরিচয়পত্র দেখিয়েই হোটেলের কক্ষ ভাড়া নিতে পারবেন তারা, পরিবারের কোনও পুরুষ সদস্যের অনুমতি নিতে হবে না। ভারতের গণমাধ্যম এডিটিভি এ তথ্য জানিয়েছে।

কট্টর ইসলামিক দেশ হিসেবে পরিচিত সৌদি আরবে বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্ক কঠোরভাবে নিষিদ্ধ।সম্প্রতি অর্থনীতিতে তেল নির্ভরতা কমিয়ে পর্যটন বাড়ানোর লক্ষ্যে পশ্চিমা দেশের অনুকরণে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে তারা। এর অংশ হিসেবেই অবিবাহিত বিদেশিদের একসঙ্গে থাকার সুযোগ দেওয়া হচ্ছে।

এরফলে এখন থেকে বিদেশি নারীদের সৌদি ভ্রমণের পথ সহজ হলো। শুক্রবার আরবি সংবাদমাধ্যম ওকাজে সৌদির পর্যটন ও জাতীয় ঐতিহ্য কমিশনের এক ঘোষণায় বলা হয়, সৌদি নাগরিকদের হোটেল রুম ভাড়া নেয়ার সময় আইডি ও পরিবারের সদস্যদের সম্পর্ক দেখা হবে।

তবে বিদেশিদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়। সৌদিসহ সব নারীই পরিচয়পত্র দেখিয়ে হোটেলে একা একা কক্ষ ভাড়া নিতে পারবেন। পর্যটন শিল্পের উপর জোর দিয়ে গত সপ্তাহে ৪৯টি দেশের নাগরিকদের জন্য দরজা খুলে দিয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটি।

নতুন আদেশে বলা হয়েছে, পর্যটক নারীদের বোরকা পরার প্রয়োজন নেই, শুধু পোশাক-পরিচ্ছদে সংযত থাকলেই চলবে। তবে অ্যালকোহল জাতীয় জিনিস সেখানে নিষিদ্ধ থাকবে।

দীর্ঘদিন ধরে চলে আসা সম্পর্কহীন নারী-পুরুষ প্রকাশ্যে চলাফেরা করলে যে আইনি দণ্ডের বিধান ছিলো তা সম্প্রতি শিথিল করা হয়। ২০৩০ সালের মধ্যে ১০০ মিলিয়ন পর্যটক টানতে এই ধরণের পরিবর্তন আনতে যাচ্ছে মধ্যেপ্রাচ্যর কট্টর এই ইসলামিক দেশটি।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর