মানুষের কল্যাণে রাজনীতি করেন প্রধানমন্ত্রী

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণে রাজনীতি করেন। তিনি মানুষকে ভালোবেসে রাজনীতি করেন।

প্রধানমন্ত্রীর জাদুকরি নেতৃত্বের কারণেই দেশ এগিয়ে যাচ্ছে। দেশে এখন আর কোনো মানুষ না খেয়ে থাকে না।’ শুক্রবার রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে ‘হাসুমণির পাঠশালা’ আয়োজিত এক প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতার সঙ্গে আপস করেননি। কারণ তিনি (বঙ্গবন্ধু) বাংলাদেশের মানুষকে ভালোবাসতেন। তাই ফাঁসির মঞ্চের কাছাকাছি গিয়েও তিনি আপস করেননি।

তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ক্ষমতার লোভে নয়, মানুষকে ভালোবেসে রাজনীতি করেন। তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা ছাত্রজীবন থেকে রাজনীতি করেছেন।

১৯৮১ সালে তিনি আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার আগে লন্ডনে এবং ইউরোপে রাজনীতি করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগের সভাপতি হওয়ার পরেও শেখ হাসিনাকে অনেক সংগ্রাম করতে হয়েছে। তাঁকে বার বার হত্যার চেষ্টা করা হয়েছে।

আয়োজক সংগঠনের প্রদর্শনীর বিষয়ে হাছান মাহমুদ বলেন, ‘আমাদের দেশ থেকে চিত্রকর্ম প্রায় হারিয়ে যাচ্ছে। এ ধরনের প্রদর্শনীর মাধামে শিল্পকর্মকে ধরে রাখতে হবে।’

সংগঠনের সভাপতি মারুফা আক্তার পপির সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, রাজধানীর সিটি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মঈনুদ্দীন খালেদ, অধ্যাপক জামাল আহমেদ, অধ্যাপক জুনায়েদ হালিম, সুচিশিল্পী ইলোরা পারভীন প্রমুখ বক্তৃতা করেন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর