সুনামগঞ্জের সীমান্তে যুবকের লাশ, নিয়ে গেল ভারতীয় পুলিশ

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে কামরুল ইসলাম (২২) নামের এক বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করে নিয়ে গেছে ভারতীয় পুলিশ। কামরুল ইসলাম উপজেলার নরসিংপুর ইউনিয়নের রঘারপাড় (বন্ধুয়াবাড়ি) গ্রামের আশক আলীর পুত্র।

৪৮ বিজিবি সিলেট ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শাকিব শুক্রবার বিকালে জানান, খবর পেয়ে ভারতীয় পুলিশ সদস্যরা বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের ২ কিলোমিটার অভ্যন্তরে মেঘালয় রাজ্যের পাথরঘাটা এলাকা থেকে নিহত কামরুলের লাশ উদ্ধার করে।

পরে ময়নাতদন্তের জন্য লাশটি শিলং সদর হাসপাতালে প্রেরণ করা হয়।স্থানীয় সোনালী চেলা সীমান্ত ফাঁড়িতে পাঠানো নিহতের ছবি দেখে লাশটি কামরুলের বলে তার স্বজনরা শনাক্ত করেন।

লাশ হস্তান্তরে বিলম্বের কারণ সম্পর্কে মেজর শাকিব বলেন, ময়নাতদন্ত সম্পন্ন হলে বিএসএফ ও বিজিবির পতাকা বৈঠকের মাধ্যমে সোনালী চেলা সীমান্ত ফাঁড়িতে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

এ ছাড়া সুরতহাল রিপোর্টে আঘাতের কোনো চিহ্ন দৃশ্যমান না হলেও ময়নাতদন্তে সঠিক আলামত পাওয়া যাবে বলে তিনি জানান। অপরদিকে নিহতের কারণ সম্পর্কেও সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে নিহত কামরুলের পিতা আশক আলীর বরাত দিয়ে দোয়ারাবাজার থানার ওসি আবুল হাশেম বলেন, বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কামরুলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ ছিল।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর