সিরাজদিখানে দুর্গা পূজা নির্বিঘ্ন রাখতে পুলিশ ও আনসার বাহিনী মোতায়েন

শুরু হয়েছে হিন্দুধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজা। আজ শুক্রবার ষষ্ঠী পূজার মাধ্যমে দূর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। এবার সিরাজদিখানে ১১২ টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।

এ উপলক্ষে সিরাজদিখান থানা প্রাঙ্গন থেকে শুক্রবার দুপুরে আনসার সদস্যদের মন্ডপ গুলোতে পাঠানো হয়। এবার এ উপজেলার ১শ ১২ টি মন্ডপে অফিসারসহ ৩০ জন পুলিশ, গ্রাম পুলিশ ৭০ জন ও ৪শ ৬৫ জন আনসার বাহিনীর একটানা ৪ দিন ডিউটি করবেন।

এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মো. রাজিবুল ইসলাম, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.ফরিদ উদ্দিন। দুর্গা পূজাকে নির্বিঘ্ন রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পূজামন্ডপগুলোতে নেয়া হচ্ছে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি পূজামন্ডপের নিরাপত্তায় পুলিশ সদস্যদের সঙ্গে আনসার সদস্য এবং মন্ডপের নিজস্ব স্বেচ্ছাসেবক সদস্যরাও দায়িত্ব পালন করবেন। এসব মন্ডপ ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

ইতোমধ্যে গুরুত্বপূর্ণ বড় মন্ডপগুলোতে দায়িত্ব পালন করতে শুরু করেছেন পুলিশ সদস্যরা। মন্ডপে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। পূজা চলাকালীন যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে।

এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মো. রাজিবুল ইসলাম বলেন, পূজাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবার নিরাপত্তায় পুলিশের মোটরসাইকেল দল প্রস্তুত থাকবে। যেকোনো স্থানে অপ্রীতিকর ঘটনা ঘটলেই এরা ছুটে যাবে ঘটনাস্থলে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর