গ্লাভস হাতে দেখা যাবে না মুশফিককে

কিপিং তার প্রথম ভালোবাসা। হাতে কিপিং গ্লাভস না পরলে তার ব্যাটিংটা নাকি ঠিকঠাক হয় না। আবার সেই কিপিংয়ের জন্যই তীব্র সমালোচনার মুখে পড়তে হয় দেশের সবচেয়ে টেকনিক্যালি সলিড ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে।

শত সমালোচনার পরেও তিনি কিপিং ছাড়তে চান না। ক্রিকেটপ্রেমীরা এটা শুনে ভিরমি খেতে পারেন যে, আগামী ১০ অক্টোবর থেকে শুরু হতে চলা জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) তাকে অন্য ভুমিকায় দেখা যেতে পারে! হ্যাঁ, কিপিং ছেড়ে ফিল্ডার হিসেবেও মাঠে নামতে পারেন মুশফিক।

আজ বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করতে দেখা গেছে মুশফিককে। ব্যাটিং বা কিপিং নয়, ফিল্ডিং অনুশীলন! এরপর সাংবাদিকদের কৌতুহল মিটিয়ে মুশফিক জানান, ‘এখনও কিপিং করা বা না করা নিয়ে সেরকমভাবে কিছু ভাবিনি।

তবে প্রস্তুতি নিয়ে রাখছি। আরেকটা ব্যাপার হলো ফিটনেসের জন্যও কিন্তু ফিল্ডিং প্র্যাকটিস জরুরি। বলতে পারেন সেটির অংশ হিসেবে এই প্র্যাকটিস করছি। আর জাতীয় লিগে কিপিং করব, নাকি করব না, সেটি এখনও ঠিক করিনি। দল যা চায়, সেটির জন্য নিজেকে প্রস্তুত রাখছি।’

গত বিশ্বকাপে বাজে কিপিং করে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন মুশফিক। এরপর টানা শ্রীলঙ্কা সফর এবং ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজেও তার বাজে কিপিং সমালোচিত হয়েছে। সবচেয়ে বেশি আলোচনায় ছিল, বল ধরার জন্য স্টাম্পের সামনে চলে আসা।

শিশুসুলভ এই ভুল বারবার করে যাচ্ছেন তিনি। এজন্য অনেকদিন ধরেই লিটন দাসের হাতে গ্লাভস তুলে দেওয়ার দাবি উঠেছে। এবার মুশফিকের রাজশাহী বিভাগের দলে আরও দুজন কিপার আছেন। জহুরুল ইসলাম আর হামিদুল। সুতরাং দলের প্রয়োজনে যেকোনো ভূমিকায় নামার মানসিকতাটাই তৈরি করে রাখছেন মুশফিক।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর