শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, যে কোনো ধরনের অন্যায় দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোনো দুর্নীতিবাজ এই দলের নয়। দলের দোহাই দিয়ে কেউ ছাড় পাবে না। যে দুর্নীতিবাজ সে সমাজ ও দেশের চোখে অপরাধী। আর অপরাধীর কোনো দল নেই।
বৃহস্পতিবার নরসিংদীর মনোহরদী উপজেলা সম্মেলন কক্ষে দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপে অনুদানের চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ সব কথা বলেন।
মন্ত্রী বলেন, ধর্ম যার যার উৎসব সবার। এবার পূজাতে বিভিন্ন মণ্ডপে কঠোর নিরাপত্তা জোরদার করা হবে। কোনো সন্ত্রাস জঙ্গিবাদকে প্রশ্রয় দেয়া হবে না। সবাই শান্তিতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারবেন।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফিয়া আক্তার শিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়ামিষ রায়, মনোহরদী পৌর মেয়র আমিনুর রশিদ সুজন প্রমুখ।
বার্তাবাজার/এম.কে