বার্তা বাজারে সংবাদ প্রকাশ: সেই বেকারিতে ভ্রাম্যমান আদালতের অভিযান

জনপ্রিয় অনলাইন পোর্টাল বার্তাবাজার ডট কম এ সংবাদ প্রকাশের পর ঢাকার ধামরাইয়ে নিম্নমানের খাবার প্রস্তুত ও বিক্রির অভিযোগে ভাই ভাই নামে একটি বেকারিতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) উপজেলার শরীফবাগ এলাকায় এই অভিযান চালান ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হক। এসময় বেকারি ছাড়াও একটি খাবারের হোটেল মালিককে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

প্রসঙ্গত, ‘অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চলছে বেকারীর কার্যক্রম’ শিরোনামে গত ৩০ সেপ্টেম্বর, ২০১৯ তারিখে বার্তা বাজারে একটি সংবাদ প্রকাশিত হয় যা ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামিউল হক এর নজরে আসে। এরই প্রেক্ষিতে তার নেতৃত্বে আজ (বৃহস্পতিবার) এই অভিযান পরিচালিত হয়।

নিউজের স্ক্রিণশট- বার্তাবাজার

অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, মূল্য তালিকা প্রদর্শন না করা, জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুতের অভিযোগে ভাই ভাই বেকারিকে ২০ হাজার টাকা এবং পঁচা, বাসি ও নোংরা খাবার বিক্রির অভিযোগে মোঃ ছাব্বির নামের খাবারের হোটেল মালিক কে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন।

এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামিউল হক জানান, আজকের অভিযানে ভাই ভাই বেকারি এবং একটি খাবারের হোটেল মালিককে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী জরিমানা করা হয়েছে। এছাড়া ২০ দিনের মধ্যে তাদের প্রতিষ্ঠানের পরিবেশের মান উন্নয়ন সহ লাইসেন্স করার জন্যও সতর্কতা প্রদান করা হয়েছে।

এই অভিযান নিয়মিত চলবে বলেও জানান ধামরাইয়ে সদ্য যোগদানকৃত এই উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর