ট্রেনের বগি ভেঙে আহত ৬০, নিহত ১

রংপুরে ট্রেনের ইঞ্জিন লাগাতে গিয়ে দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০-৬০ জন ট্রেনযাত্রী। এদের মধ্যে গুরুতর আহত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে রংপুরের কাউনিয়া রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী উত্তরবঙ্গ মেইল ট্রেনটি কাউনিয়া স্টেশনে পৌঁছার পর বিকেল সোয়া ৪টার দিকে চালক ইঞ্জিন পরিবর্তন করছিলেন।

ইঞ্জিন পরিবর্তনের সময় অতিরিক্ত গতির কারণে ট্রেনের ১ ও ২ নং বগির মাঝের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে আপেল মাহমুদ (২০) নামে এক শিক্ষার্থী ঘটনাস্থলে নিহত হন।

আহত হন অন্তত ৫০-৬০ জন যাত্রী। এদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে রংপুর ও কাউনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কাউনিয়া ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক শামসুজ্জোহা বলেন, ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। গুরুতর আহত ১৫ জনকে কাউনিয়া ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর