অভিনব প্রতারণার ফাঁদ কাওসারের: ব্যবহার করতেন ৯ নাম

ফেসবুক হ্যাকিংয়ের অভিযোগে কুমিল্লা থেকে মো. কাওসার আহমেদ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিম।

গ্রেপ্তারকৃত তরুণ ৯টি নাম ব্যবহার করতেন বলে জানিয়েছে পুলিশ। সেগুলো হচ্ছে- মো. কাউছার আহমেদ, কাউসিন, জিসান, সোলেমান খান, আলিফ, মুকুল দাস, কামরুল ইসলাম, সায়ের মোহাম্মদ, মোসলেম খান। কাওসার ঢাকার একটি পলিটেকনিক কলেজে অনার্সে পড়াশোনা করতেন। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন, নগদ ৫ লাখ টাকা এবং মোবাইল ব্যাংকিংয়ে ৭৭ হাজার ৭৮৬ টাকা পাওয়া যায়।

বৃহস্পতিবার সাইবার ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম এ বিষয়ে জানান, ‘মোহাম্মদপুর থানার একটি মামলায় বুধবার (২ অক্টোবর) রাতে কুমিল্লার একটি হোস্টেলে অভিযান চালিয়ে কাওসারকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, মোহাম্মদপুর থানার একটি মামলার সূত্র ধরে কাওসারকে গ্রেপ্তার করা হয়। তিনি ফিশিং লিংকের মাধ্যমে ফেসবুক আইডি হ্যাক করতেন। হ্যাক করা আইডির টাইমলাইন ও ইনবক্সে অশ্লীল ছবি, ভিডিও, অশ্লীল কথাবার্তা লিখে পেস্ট করে মানসম্মান হানির ভয় দেখিয়ে বিভিন্ন অংকের টাকা দাবি করত। মোহাম্মদপুর থানার মামলার বাদীসহ কয়েকজন ক্ষতিগ্রস্ত ইতোমধ্যে হ্যাকারকে বিকাশের মাধ্যমে টাকা প্রেরণ করতে বাধ্য হয়।

মোবাইল ব্যাংকিং, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, জিমেইল কোম্পানি এবং প্রযুক্তির সাহায্যে হ্যাকারকে শনাক্ত করে আটক করা হয়। গ্রেপ্তারের সময় আসামির ব্যবহৃত স্মার্টফোনে মোহাম্মদপুরের মামলার বাদীর ফেসবুক আইডিসহ দুই শতাধিক আইডি পাওয়া যায় বলে ও তিনি জানান।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর