ঢাকার সাভারে চাঞ্চল্যকর সাভার পৌর আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক আব্দুল মজিদকে ভাড়াটে খুনি মানিক মাইনউদ্দিন (৩০) গুলি করে হত্যা করেছে বলে নিশ্চিত করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মানিকের তথ্য অনুযায়ী হত্যাকান্ডে ব্যবহৃত পিস্তল ও ৪ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া মানিক গোপালগঞ্জ জেলার মোকশেদপুর থানার বালিকান্দি গ্রামের মোঃ বাবুল মিয়ার ছেলে। সে বর্তমানে সাভারের সবুজবাগে বসবাস করে আসছিলো। ইতোপূর্বেও সে ১৯৯৮ সালে ডাকাতি ও অস্ত্র মামলায় ১৪ বছর জেল হাজতে ছিলো বলে জানিয়েছে পুলিশ।
এর আগে গত বুধবার রাতে উপজেলার বক্তারপুর এলাকা থেকে পুলিশ ও ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের যৌথ অভিযানে মানিককে গ্রেপ্তার করা হয়। এখন পর্যন্ত এই হত্যাকান্ডের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- আজরোজা বেগম (মিকাইলের স্ত্রী), আলম ও মোক্তার।
সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্তি পুলিশ সুপার (অপরাধ) সাইদুর রহমান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবদুল মজিদকে খুন করার পরিকল্পনা করা হয়। এই হত্যাকান্ডের মুল পরিকল্পনাকারী মিকাইল এখনো পলাতক রয়েছে। পরিকল্পনা অনুযায়ী মানিককে ভাড়া করা হয় এবং সে ঘটনার রাতে আব্দুল মজিদকে গুলি করে হত্যা করে।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ এর কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- অফিসার ইনচার্জ এএফএম সায়েদ, ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার প্রমুখ সহ সাভার মডেল থানার কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর রাত সাড়ে দশটার দিকে সাভার পৌর এলাকার কোটবাড়ি মহল্লায় নিজ বাসায় ফেরার পথে খুন হন পৌর আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক আব্দুল মজিদ। এ ঘটনায় পায়ে গুলিবিদ্ধ হয় আরো একজন।
বার্তাবাজার/কে.জে.পি