মাদক মামলায় অনলাইন ক্যাসিনো ব্যবসায় জড়িত সেলিম প্রধানসহ তিনজনের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল মাদক মামলায় এই আদেশ দেন।
এ মামলার অন্য আসামিরা হলেন, রোমান ও আখতারুজ্জামান।
বৃহস্পতিবার সকালে মামলার তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম আসামি সেলিম প্রধানসহ তিন জনকে আদালতে হাজির করে গ্রেফতারের আবেদনসহ সাত দিনের রিমান্ড আবেদন করেন। বিচারক ধীমান চন্দ্র মণ্ডল দীর্ঘ শুনানি শেষে তাদের গ্রেফতারসহ প্রত্যেককে চার দিন করে রিমান্ডের আদেশ দেন।
গতকাল (বুধবার) মামলার তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম পরিদর্শক (অপারেশন) মাদক আইনে সেলিম প্রধানের সাত দিনের রিমান্ড আবেদন করেন। এরপরই শুনানির জন্য দিন ধার্য করেন মেট্রোপলিটন আদালতের বিচারক।
এর আগে, গত মঙ্গলবার বাড়িতে দুটি হরিণের চামড়া রাখার অপরাধে বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী তাকে ৬ মাসের কারাদণ্ড দেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩০ সেপ্টেম্বর) অনলাইন ক্যাসিনোর মূলহোতা সেলিম বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে এমন তথ্য পেয়ে তাকে বিমানবন্দর থেকে আটক করে র্যাব। এর পরেই ১৭ ঘণ্টার বেশি সময় ধরে চলা অভিযানে তার গুলশান এবং বনানীর বাসা ও কার্যালয় থেকে ২৯ লাখের বেশি নগদ টাকা, চেক, ২৩ টি দেশের মুদ্রা ও ১৩ ব্যাংকের ৩২ টি চেক উদ্ধার করে র্যাব।
বার্তাবাজার/ডব্লিওএস