দশ বছর বাদে ঘরের মাঠে ওয়ানডে খেলতে নামা পাকিস্তানের কাছে শেষ ম্যাচে ৫ উইকেটে হেরে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে শ্রীলঙ্কা। তিন ওয়ানডের সিরিজ ২-০তে জিতেছে সরফরাজের দল। প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়।
বুধবার প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৯৭ রানের বড় সংগ্রহই পেয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু এতরান করেও হার এড়াতে পারেনি দলটি। স্বাগতিকরা ১০ বল আর ৫ উইকেট অক্ষত রেখেই জয়ে নোঙর ফেলে।
করাচিতে দ্বিতীয় ম্যাচটি পাকিস্তান জিতেছিল ৬৭ রানে। ভরা দর্শকের সামনে তৃতীয় ম্যাচে জিতে ২০০৯ সালের জানুয়ারির পর ঘরের মাঠে হওয়া প্রথম ওয়ানডে সিরিজকে স্মরণীয় করে রাখলেন সরফরাজ-বাবররা।
শ্রীলঙ্কার রানটা এদিন হতে পারতো আরও বেশি! ওপেনার ধানুস্কা গুনাথিলাকা যতক্ষণ ছিলেন লঙ্কানদের রান এসেছে ভালোই। গুনাথিলাকা একপ্রান্ত সামলে রাখলেও বাকি ব্যাটসম্যানরা তেমন সঙ্গ দিতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ করেন দাশুন শানাকা।
ওপেনিং করতে নেমে গুনাথিলাকা আউট হয়েছেন ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে। ১৩৪ বল খেলে আউট হয়েছেন ১৩৩ রান করে। ১৬ চারের সঙ্গে ইনিংসে ছিল এক ছয়ের মার।
পাকিস্তানের সফলতম বোলার মোহাম্মদ আমির। ৫০ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার।
জবাবে পাকিস্তানের জয়ের ভিত দাঁড়িয়ে গেছে ওপেনিংয়েই। ফখর জামান ও আবিদ আলি মিলে উদ্বোধনী জুটিতে তোলেন ১২৩ রান। ৬৭ বলে ৭৪ করে আবিদ ফেরার পর বাবর আজমকে নিয়ে ৫৮ রানের জুটি গড়েন ফখর।
পরে ৭৬ রান জমিয়ে ফিরেছেন তিনি। আর বাবর ৩১, সরফরাজ ২৩ ও হারিসের ৫৬ রানে সহজ জয়ই আসে।