টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গিলাবাড়ী গ্রামের শতবর্ষী এক হতদরিদ্র অসহায় বৃদ্ধকে ইউপি সদস্য আব্দুল হামিদ মন্ডলের বিরদ্ধে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে । আহত হওয়া বৃদ্ধ মৃত ময়েস উদ্দিনের ছেলে মো. আরফান আলী। গত মঙ্গলবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে।
বৃদ্ধ আরফান আলী জানান, ৩ ছেলে ও ২ মেয়ে নিয়ে সংসার। ছেলেরা দিনমজুর। ২ মেয়েকে বিয়ে দিয়েছেন। বর্তমানে বৃদ্ধ আরফান অসহায় ও মানবেতরভাবে জীবনযাপন করেন। গত বছর বয়স্ক ভাতা কার্ড দেয়ার আশ্বাসে ৫০০ টাকা নেয় মেম্বার হামিদ মন্ডল। গরীব ও বৃদ্ধ হওয়ায় রোজগার বন্ধ হয়ে যাওয়ায় এত টাকা ছিল না ওই বৃদ্ধের। পরে ধার-দেনা করে টাকা নিয়ে মেম্বার কে টাকা দেয়া হয় একটি বয়স্ক ভাতা কার্ডের আশায়।
কিন্তু মাসের পর মাস পেরিয়ে গেলেও সে কার্ড করে দেননি ইউপি সদস্য হামিদ মন্ডল। এর মধ্যে মাঝে মাঝে তার কাছে টাকা ফেরত চাইতে গেলে বা কার্ড করে দিতে বললে অকথ্য ভাষায় গালিগালাজ করতো। এক পর্যায়ে গত মঙ্গলবার বিকেল বেলা বাজারে হঠাৎ দেখা হলে তার কাছে টাকা ফেরত চাইলে বা কার্ড করে দিতে বললে ক্ষিপ্ত হয়ে তর্কে জড়িয়ে পড়লে বেধড়ক লাঠি দিয়ে পিটায় মেম্বার হামিদ মন্ডল।
মারধর ও অভিযোগের ঘটনায় ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য হামিদ মন্ডলের সাথে মোবাইল ফোনে যোগাযোগের জন্য একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে নারান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান মারধরের বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী বাড়িতে এসেছিল অভিযোগ করতে। এ ঘটনায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তাবাজার/ডব্লিওএস