আ’লীগের আগেই সহযোগী সংগঠনগুলোর কাউন্সিল

চলতি বছরের ডিসেম্বরেই বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিল হবে বলে জানিয়েছিলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগেই দলের চার সহযোগী সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত হবে। এ চারটি সংগঠন হচ্ছে যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগ। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশনা দিয়েছেন।

বুধবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের শীর্ষ নেতাদের সঙ্গে এক অনির্ধারিত বৈঠকে তিনি এ নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৈঠক শেষে ওবায়দুল কাদের উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, কেবল যুবলীগ নয় আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের আগেই শ্রমিক লীগ, কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগকেও কাউন্সিল সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন আমাদের নেত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, অভিযান চলবে। দলের তৃণমূল পর্যায়ে যে মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো আছে সেগুলোতে নতুন কমিটি হবে। আমাদের দলের মধ্যে যেন কোনও অনুপ্রবেশকারী ঢুকতে না পারে এবং নতুন যে কমিটি হবে সেগুলোতে যেন তারা স্থান করে নিতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেছেন আওয়ামী লীগ সভাপতি। নতুন কমিটিতে যেন পরগাছা আগাছা স্থান না পায় সে বিষয়েও সবাইকে সতর্ক থাকতে বলেছেন তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর