ঢাকার সাভারে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার জাহান গুরুতর আহত এবং তার স্বামী কাজী সেলিমুর রহমান নিহত হয়েছেন। বুধবার (০২ অক্টোবর) ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সালেহপুর এলাকায় একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উল্টো পাশে থাকা খালেদা আক্তারদের বহনকরা প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষের ফলে এই দূর্ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে জানা যায়।
দুর্ঘটনায় খালেদা আক্তার জাহান নিজেও গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও প্রাইভেটকারটি পুলিশ উদ্ধার করেছে।
নিহত কাজী সেলিমুর রহমান এর বাড়ী খুলনা জেলায় এবং আহত মহিলা বিষয়ক কর্মকর্তার বাড়ী ভোলা জেলায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সাভারগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজন পার হয়ে গিয়ে বিপরীতে দিকে থাকা ঢাকাগামী প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-৪২-৪২৫২) এর সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা পুরুষ যাত্রী নিহত হন। স্থানীয়রা পুলিশের সহায়তায় আহত মহিলা বিষয়ক কর্মকর্তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যায়।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ জানান, ঘটনাস্থল থেকে ট্রাক ও প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে বলেও জানান তিনি।
বার্তাবাজার/ডব্লিওএস