জি কে শামীমকে চিকিৎসা দিতে নির্দেশ আদালতের

কারাবিধি অনুযায়ী যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে চিকিৎসা দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম এ আদেশ দেন। এদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তার চিকিৎসার জন্য আবেদন করেন আইনজীবী।

শুনানি শেষে আদালত কারাবিধি অনুযায়ী কারা কর্তৃপক্ষকে চিকিৎসা দিতে নির্দেশ দেন। গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

বুকের ব্যথায় কাঠগড়ায় বসে পড়লেন জি কে শামীম ১০ দিনের রিমান্ড শেষে যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে আজ আদালতে হাজির করা হয়। বুধবার দুপুরে তাকে আদালত চত্বরে নেয়া হয়।

বিকেল সাড়ে ৩টায় কাঠগড়ায় তোলা হয়। ৩টা ৪৫ মিনিটে বুকে ব্যথা অনুভব করলে তিনি বসে পড়েন। এ সময় তাকে বুক চেপে ধরতে দেখা যায়।

ওই সময়ে পুলিশ সদস্যদের দেখা যায় তার জন্য একটা ওষুধের বাক্স নিয়ে আসতে। এ সময় ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীম জানতে চান, ‘কী ওষুধ দিচ্ছেন ওনাকে?’। উত্তরে পুলিশ জানায়, তিনি হৃদরোগে আক্রান্ত, রিমান্ড শেষে তাকে আদালতে আনার সময় র্যাব ওষুধগুলো নিয়ে এসেছে। বিচারক তখন ওষুধগুলো দেখতে চান। পুলিশ বিচারককে ওষুধগুলো দেখান।

এ সময় জি কে শামীমের আইনজীবীরা বলেন, তিনি (শামীম) অসুস্থ। বিএসএমএমইউতে তার চিকিৎসার জন্য আমরা একটি আবেদন দিলাম।

এদিন আদালতে শামীমের আইনজীবীদের মধ্যে ছিলেন অ্যাডভোকেট আবদুর রহমান হাওলাদার ও ঢাকা বারের সেক্রেটারি আসাদুজ্জামান রচি প্রমুখ।

আইনজীবীরা শুনানি দীর্ঘায়িত করতে চাইলে বিচারক বলেন, আসামি নিজেই অসুস্থবোধ করছেন তাই আপনারা শুনানি দীর্ঘ করবেন না।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর