রাইসমিলে বিক্রি হচ্ছিল সরকারি চাল

বাগেরহাটে ৩০ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত চাল কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের বিতরণযোগ্য যার প্রতিটি বস্তায় ৩০ কেজি চাল রয়েছে। এসময় আরও ১৫টি খালি বস্তা জব্দ করা হয়।

বুধবার (০২ অক্টোবর) বিকেলে সদর উপজেলার খানপুর ইউনিয়নের কালিবাড়ি এলাকার দিদার হাজীর অটো রাইস মিল থেকে চালের বস্তাগুলো জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল্লুর রহমান।

বাগেরহাট সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশান্ত কুমার মজুমদার বলেন, রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের এক ইউপি সদস্য কাবিখার চাল পার্শ্ববর্তী সদর উপজেলার খানপুর ইউনিয়নের কালিকাবাড়ী দিদার হাজীর অটো রাইস মিলে রেখে বিক্রি করছিলেন। এমন তথ্য পেয়ে সেখানে অভিযান চালিয়ে চালের বস্তাগুলো উদ্ধার করা হয়। অভিযানের সময় ওই রাইস মিলের লোকজন পালিয়ে যায়।

উদ্ধারের পর চালের বস্তাগুলো স্থানীয় খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির ফহম উদ্দিনের জিম্মায় রাখা হয়েছে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর