লিগ্যাল নোটিশ ফেরত পাঠালেন মেনন

ক্যাসিনো ইস্যুতে সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে পাঠানো লিগ্যাল নোটিশ আইনজীবীর কাছে ফেরত এসেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নোটিশ প্রেরণকারী আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। নোটিশ গ্রহণ না করায় মেননের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করবেন বলে জানিয়েছেন তিনি।

গত ২৫ সেপ্টেম্বর ক্যাসিনো ইস্যুতে সংসদ সদস্য রাশেদ খান মেনন, হুইপ শামসুল হক চৌধুরী, পর্যটন সচিব মহিবুল হক, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠান অ্যাডভোকেট ইউনুছ আলী। ৩০ সেপ্টেম্বর ওয়ার্কার্স পার্টি বাংলাদেশ ৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০ ঠিকানায় চিঠিটি যায়। গতকাল (১ অক্টোবর) চিঠিটি আইনজীবীর কাছে ফেরত আসে।

এ বিষয়ে আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, সংসদ সদস্য মেননকে পাঠানো নোটিশ গ্রহণ না করায় তা আবার আমার কাছে ফেরত এসেছে। রেজিস্ট্রি ও ডাকযোগে পাঠানো লিগ্যাল নোটিশের খামের ওপর লেখা রয়েছে ‘প্রাপক গ্রহণ না করায় ফেরত’।

জনস্বার্থে ডাক ও রেজিস্ট্রিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ নোটিশ পাঠান। নোটিশটি গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে যথাযথ কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ না করলে রিট করা হবে বলে জানান তিনি।

ক্যাসিনো ইস্যুতে কারও কারও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হলেও সংসদ সদস্য রাশেদ খান মেননসহ আরও অনেকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না। তাই জনস্বার্থে এ নোটিশ পাঠানো হয় বলে জানান আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

তিনি জানান, ইয়ংমেন্স ক্লাবের গভর্নিং বডির চেয়াম্যান রাশেদ খান মেনন। কিন্তু তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না।

ইউনুছ আলী আকন্দ বলেন, ‘সংবিধানের ১৮ (২) অনুচ্ছেদ অনুসারে সরকার জুয়া বন্ধে ব্যবস্থা নেবে। কিন্তু সেটা এখনো হয়নি। ফলে সারাদেশে জুয়া, ক্যাসিনো প্রভাব বিস্তার করেছে। সে জন্য অপরাধ বেড়ে যাচ্ছে, মানিলন্ডারিং হচ্ছে। সাম্প্রতিক সরকার পদক্ষেপ নিয়েছে। যাদের কিছু কিছু সংশ্লিষ্টতা আছে তাদের গ্রেফতার করছে। কিন্তু যারা গডফাদার তাদের গ্রেফতার করছে না।’

তিনি বলেন, ‘পত্র-পত্রিকায় এসেছে রাশেদ খান মেনন ইয়ংমেন্স ক্লাবের গভর্নিং বডির সভাপতি। তিনি লাল ফিতা কেটে উদ্বোধন করেছেন। তার ছবি সেই চেয়ারম্যান কক্ষে আছে। তারপরও তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কোনো পদক্ষেপ নিচ্ছে না। গতকাল মিডিয়ায় দেখেছি, পর্যটন প্রতিমন্ত্রীর উপস্থিতিতে সচিব বলেছেন, বিদেশিদের জন্য ক্যাসিনোর প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। এ বক্তব্য অসাংবিধানিক।’

একজন হুইপ মিডিয়ায় জুয়া বা ক্যাসিনো বন্ধ নিয়ে মন্তব্য করেছেন। এগুলো বন্ধ হলে ক্লাব কীভাবে চলবে, অবৈধভাবে উপার্জন করেই কি ক্লাব চলবে, প্রশ্ন তোলেন এই আইনজীবী।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর