পেঁয়াজ প্রয়োজনের তুলনায় বেশি কিনে বাসায় মজুদ করবেন না

সম্প্রতি পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় বাজারের ভারসাম্য বজায় রাখতে ক্রেতাদের পরিমিত পেঁয়াজ ব্যবহার করতে পরামর্শ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পারেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

তিনি বলেছেন, অত্যন্ত অল্প সময়ের মধ্যে পেঁয়াজের বাজার স্বাভাবিক হয়ে আসবে। এই পরিস্থিতিতে আপনাদের যতটুকু দরকার ততটুকুই কিনবেন। প্রয়োজনের তুলনায় বেশি কিনে বাসায় মজুদ করবেন না। দৈনন্দিন ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই ক্রয় করবেন। দাম বেড়ে যাচ্ছে-এই ভেবে বেশি কিনে সরবরাহের মধ্যে চাপ সৃষ্টি করবেন না।

বুধবার (২ অক্টোবর) দুপুরে রাজধানীর পলাশী কাঁচাবাজার পরিদর্শনকালে এসব কথা বলেন ডিএসসিসি মেয়র।

সরকার নির্ধারিত মূল্যে পেঁয়াজ বিক্রি করতে ব্যবসায়ীদের নির্দেশ দিয়ে ডিএসসিসি মেয়র সাঈদ খোকন বলেন, ‘পেঁয়াজের মূল্য কোনোভাবেই লাফিয়ে লাফিয়ে বাড়তে দেয়া হবে না।

সরকার যে যৌক্তিক মূল্য নির্ধারণ করে দেবে, সেই মূল্যেই ডিএসসিসি এলাকার ব্যবসায়ীদের পেঁয়াজ বিক্রি করতে হবে। এর ব্যত্যয় হলে ভ্রাম্যমাণ আদালত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। পেঁয়াজের মূল্য স্থিতিশীল রাখতে বিশেষ অভিযান চলবে।’

প্রয়োজনীয় সকল পণ্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রয়েছে এবং স্থিতিশীল রয়েছে দাবি করে মেয়র বলেন, ‘সাম্প্রতিক সময়ে পেঁয়াজের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তার পরিপ্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আজকে থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিশেষ অভিযান শুরু করেছে।’

তিনি বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার সকল কাঁচাবাজারে একযোগে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিশেষ অভিযান শুরু করেছে।

যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের দর আগের অবস্থায় ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত এই অভিযান চলবে। একটা শক্ত মনিটরিংয়ের মধ্য দিয়ে আমরা বাজার নিয়ন্ত্রণ করব।’

পাইকারি ব্যবসায়ীদের উদ্দেশে ডিএসসিসি মেয়র বলেন, ‘শ্যামবাজার এবং কারওয়ান বাজারে কিছু অসাধু ব্যবসায়ীদের মজুদ করবার একটা টেন্ডেন্সি রয়েছে।

যদি কোনো পাইকারি ব্যবসায়ী এই মজুদ গড়ে তোলার চেষ্টা করে, তাহলে আমরা সেই বিক্রেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। একই সঙ্গে, মজুদদারের গুদামও ম্যাজিস্ট্রেট সিলগালা করে দিতে পারেন।’

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর