টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা এলাকায় বাসে তল্লাসি করে ৬০০ পিস ইয়াবা ও ৫০ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে মির্জাপুর থানা পুলিশ।
৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন কুড়িগ্রাম জেলার কালিয়া আংগারচর গ্রামের মো.আ. লতিফের ছেলে মো. আনোয়ার (৪৫), ৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হয়েছেন ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার লেহেম্বা (জয়ডাংগি) গ্রামের মো. সোবাহান মিয়ার ছেলে সালাম উদ্দিন (২২) ও একই জেলার হরিপুর উপজেলার টেংরিয়া (ঝাড়বাড়ী) গ্রামের নাসির উদ্দিনের ছেলে ফয়সাল মিয়া (১৯)।
দেওহাটা ফাঁড়ির ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত পৌনে ১০ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা এলাকায় চেকপোস্ট বসিয়ে নাবিলা পরিবহন নামক যাত্রীবাহী বাস থেকে ৬০০ পিস ইয়াবাসহ ১ জন এবং অপরদিকে একই রাতে আরও একটি বাসে তল্লাসি চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ ২ কারবারিকে গ্রেপ্তার করা হয়।
মির্জাপুর থানা অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরোটলারেন্স ঘোষণা করেছি। প্রতিনিয়িতই আমাদের এ অভিযান দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। ইয়াবা ও ফেনসিডিলসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি