ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে ৪ ইউনিটে ২ হাজার ৩০৫ আসনের বিপরীতে ৬১হাজার ৯৪২ জন শিক্ষার্থী অনলাইনে আবেদন করেছেন। প্রতি আসনে লড়বেন ২৬.৮৭জন শিক্ষার্থী।
আবেদন প্রক্রিয়া শেষে বুধবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা টেকনিক্যাল উপ কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন এ তথ্য জানান।
রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে, গত ২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১লা অক্টোবর রাত ১২টায় ভর্তি আবেদন প্রক্রিয়া শেষ হয়।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারের দেয়া তথ্য মতে, এ বছর ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ২৪০ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২ হাজার ২২৩টি। প্রতি আসনে লড়বে ৯.২৬ জন।
মানবিক ও সমাজবিজ্ঞান এবং আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ১ হাজার ৬৫টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৭ হাজার ৬৩৭ টি।প্রতি আসনে লড়বে ২৫.৯৫ জন।
ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনটে ৪৫০ আসনের বিপরীতে আবেদন করেছে ৮ হাজার ৯৩০জন ভর্তিচ্ছু।প্রতি আসনে লড়বে ১৯.৮৪ জন।
এছাড়া, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ৫৫০ আসনের বিপরীতে ভর্তি আবেদন ফরম উত্তোলন করেছে ২৩ হাজার ১৫২ জন শিক্ষার্থী।প্রতি আসনে লড়বে ৪২.০৯ জন।
প্রসঙ্গত, ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৪ থেকে ৭ নভেম্বর পর্যন্ত।
এদিকে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ২১জন শিক্ষার্থী প্রতি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেয় বলে জানা যায়।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd/admission) এ পাওয়া যাবে।
বার্তাবাজার/এম.কে