সাড়ে ৫০ কাঠা জমি অবৈধভাবে বরাদ্দ দেয়ার অভিযোগে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদারসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সংস্থাটির প্রধান কার্যালয়ের এক সভায় মামলার অনুমোদন দেয়া হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানান, শিগগিরই রাজশাহীর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন বাদী হয়ে মামলাটি দায়ের করবেন।
অনুমোদিত মামলার আসামিরা হলেন- রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার, সাবেক এস্টেট অফিসার আবু বকর সিদ্দিক, হিসাবরক্ষক মো. রুস্তম আলী, উচ্চমান সহকারী মোস্তাক আহমেদ, অবৈধভাবে প্লট গ্রহিতা মো. এনামুল হক, আবু রায়হান শোয়েব আহমেদ সিদ্দিকী, ডা. এস. এম খোদেজা নাহার বেগম, ডা. মো. রবিউল ইসলাম স্বপন, মো. মাহফুজুল হক ও মো. খায়রুল আলম। অভিযোগের বিবরণে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ২০০৬ সালে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় চন্দ্রিমা আবাসিক এলাকার ৮টি বাণিজ্যিক প্লট বরাদ্দের বিষয়ে নিয়ম বহির্ভূতভাবে বিজ্ঞপ্তি প্রকাশ না করে গোপনে সিদ্ধান্ত নেন।
নিয়মনীতি অনুসরণ না করে কার্যবিবরণীতে উল্লেখ করে ও জালিয়াতির মাধ্যমে প্রাপ্ত ৮টি দরপত্রে উদ্ধৃত দর অনুমোদন করেন এবং দরদাতাদের অনুকূলে বরাদ্দপত্র প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করেন। এভাবে আরডিএ এর সর্বমোট ৫০.৬৭ কাঠা জমি অবৈধভাবে বরাদ্দ দেন সংশ্লিষ্টরা। দুদকের অনুসন্ধানে বিষয়টি প্রমাণিত হওয়ায় মামলার অনুমোদন দেয়া হয়।
বার্তাবাজার/ডব্লিওএস