জামালপুরে মৌমাছির আক্রমনে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মুসলিম উদ্দিন জদু (৩২)। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।
মঙ্গলবার জামালপুরের মাদারগঞ্জ উপজেলা হেমড়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জদু ওই গ্রামের আনার মন্ডলের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
ইউপি চেয়ারম্যান আলতাফুর রহমান আতা জানিয়েছেন, জদু মিয়া মঙ্গলবার ভ্যানে চড়ে বাড়ি থেকে কাজে যাচ্ছিলেন। পথে হঠাৎ মৌমাছিরা আক্রমণ করে বসে। উপর্যুপরি কামড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ সময় তাকে উদ্ধার করতে গেলে জদু মিয়ার পিতা আনার মণ্ডল, ভ্যান চালক আফসার আলীসহ আরও ৯ জন গ্রামবাসী মৌমাছির আক্রমণের শিকার হন। পরে তাদের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বার্তাবাজার/ডব্লিওএস