যাদের ধরেছে এরা চুনোপুটিও না, টোকাই মাত্র : মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘মাত্র দুজন ধরলেন। এদের আমি চুনোপুঁটিও বলি না, টোকাই মাত্র। টোকাইয়ের পকেট থেকে যদি এত টাকা বের হয়, তাহলে রাঘব বোয়ালদের পকেট থেকে কত টাকা বের হবে, এটা দেশবাসী জানতে চায়।’

ক্যাসিনো, টেন্ডারবাজি ও চাঁদাবাজির বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযান প্রসঙ্গে খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে অনুষ্ঠিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

মঙ্গলবার (১ অক্টোবর) রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে কৃষকদলের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মির্জা আব্বাস বলেন, ‘পূজা উপলক্ষে ভারতকে ৫০০ মেট্রিক টন ইলিশ মাছ উপহার দেওয়া হয়েছে। আমরা বাংলাদেশের জনগণ আত্মীয়তা ভালোবাসি, পছন্দও করি। বিনিময়ে আমরা কী পেলাম? ১০৯টা ফারাক্কার গেট খুলে দিয়েছে, যাতে বন্যায় ডুবে যাই। পেঁয়াজ রফতানি বন্ধ করে দেওয়া হলো। পেঁয়াজের দাম এখন ১২০-১৩০ টাকা।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, টাকার হিসাব নাকি সবাইকে দিতে হবে। ২০০৬ সালের পর থেকে ওই দুদকের অফিস আর কোর্ট-কাচারিতে হিসাব দিতে দিতে জান শেষ। আমরা তো হিসাব দিতেই আছি, এখন আপনাদের হিসাবটুকু দিন।’

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ‘এদেশের মানুষ খালেদা জিয়ার মুক্তির অপেক্ষায় আছে। তিনি অসুস্থ, মানবিক কারণে তিনি মুক্তি পেতে পারেন, চিকিৎসা পেতে পারেন।’ তাকে চিকিৎসার কোনও সুযোগ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, আবুল খায়ের ভূইয়া, কৃষকদল নেতা আলিম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর