লতিফ সিদ্দিকীর জামিন আবেদন ফেরত দিল হাইকোর্ট

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর জামিন চেয়ে করা আবেদন ফেরত দিয়েছেন হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় এ জামিন আবেদন ফেরত দেন হাইকোর্ট।

মঙ্গলবার (১ অক্টোবর) বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন আবেদন ফেরতের আদেশ দেন।

আদালতে লতিফ সিদ্দিকীর পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. খুরশিদ আলম খান।

পরে আইনজীবী খুরশিদ আলম খান বলেন, আবেদনের শুনানি নিয়ে আদালত লতিফ সিদ্দিকীর জামিনের বিষয়ে রুল জারি করতে চেয়েছিলেন। কিন্তু তার আইনজীবী রুল জারিতে সন্তুষ্ট না হওয়ায় আদালত আবেদনটি ফেরত দিয়েছেন।

২০১৭ সালের ১৭ অক্টোবর দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে আদমদীঘি থানায় লতিফ সিদ্দিকীসহ দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে পাটকলের প্রায় আড়াই একর জমি দরপত্র ছাড়াই বিক্রির মাধ্যমে সরকারের প্রায় ৪০ লাখ ৭০ হাজার টাকা ক্ষতির অভিযোগ আনা হয়েছে। অন্য আসামি হলেন জমির ক্রেতা বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার জাহানারা রশিদ।

পরে গত ২০ জুন এ মামলায় বগুড়ার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাতে সাড়া দেননি। পরে ওই একই মামলায় গত ২৬ সেপ্টেম্বর হাইকোর্টে জামিন আবেদন করেন লতিফ সিদ্দিকী।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর