সম্রাট গ্রেফতার নাও হতে পারে

ঢাকার আলোচিত যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট শেষ পর্যন্ত গ্রেফতার নাও হয়ে পারেন। তার একটি ঘনিষ্ঠ সূত্র দাবি জানিয়েছে, সম্রাট প্রভাবশালী মহলকে ‘ম্যানেজ’ করতে পেরেছেন।

সম্রাট বুঝাতে সক্ষম হয়েছেন যে তিনি ছাড়া ঢাকায় সরকারবিরোধী আন্দোলন সংগ্রাম সাংগঠনিকভাবে মোকাবেলা করা কঠিন হবে। এছাড়া তার সুবিধাভোগী নেতারাও আতঙ্কে আছেন এই ভেবে যে সম্রাট গ্রেফতার হলে থলের বিড়াল বেরিয়ে আসবে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা বলেন সম্রাটের সুবিধাভোগীদের তালিকায় মন্ত্রী সংসদ সদস্য, প্রভাবশালী রাজনীতিবিদ, পুলিশ, সাংবাদিকসহ গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তিই আছেন।

এ কারণে তাকে গ্রেফতারে ইতস্তত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাকে কোনো মামলায় আসামিও করা হয়নি। অনেকে বলছেন, সম্রাট গ্রেফতার না–ও হতে পারেন।

ঢাকায় ক্লাব ব্যবসার আড়ালে অবৈধ ক্যাসিনো পরিচালনার অভিযোগে অভিযুক্ত ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে গ্রেফতারের বিষয়ে লুকোচুরি খেলা চলছে। কয়েকদিন ধরেই তিনি গোয়েন্দাজালে আটকে আছেন।

সম্রাট আটক হয়েছেন কিনা সেটি নিশ্চিত হতে গত দুদিন ডিএমপি ও ডিবি কার্যালয়ে মিডিয়া কর্মীদের ভিড় ছিল। কিন্তু পুলিশ কিংবা গোয়েন্দা সংস্থা কেউ-ই এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সম্রাটকে গ্রেফতার করা হবে কিনা সেটি নিয়ে আইনশৃংখলা বাহিনী এমনকি প্রশাসন এখনও পরিস্কার নয়। সাধারণত রাজনৈতিক নেতা গ্রেফতারের আগে উপরের মহলের একটা ইশারা লাগে। এখনও সেই সবুজ সংকেত পায়নি আইনশৃংখলা বাহিনী। এ কারণে তাকে গ্রেফতার করা হচ্ছে না।

পুলিশ সূত্র জানায়, প্রধানমন্ত্রী আজ দেশে ফিরেছেন। এখন তাকে ক্যাসিনোবিরোধী অভিযানের অগ্রগতি সম্পর্কে জানানো হবে। এরপর তার নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, সম্রাট এখন নিরাপদ অবস্থানে রয়েছেন। তিনি পরিবার ও দলীয় লোকজনের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। দুদিন আগে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন।

একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, সম্রাট গ্রেফতার এড়াতে মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছেন। বিভিন্ন মাধ্যমে তদবির করার পাশাপাশি নিজের অসুস্থতার বিষয়টিও তুলে ধরে তিনি বলছেন, তার শারীরিক অবস্থা ভালো নয়। এ কারণে বিদেশে চিকিৎসার সুযোগ চান।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রগুলো সম্রাটের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলছে না। ক্ষমতাসীন দল ও সরকারের পক্ষ থেকেও তাকে গ্রেফতার করা হবে কিনা সেটি নিয়ে স্পষ্ট করে কিছু বলা হচ্ছে না।

এ বিষয়ে কৌশলী উত্তর দিচ্ছেন সরকারের মন্ত্রীরা। তবে সম্রাট গোয়েন্দাজালে আছেন- এ বিষয়ে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। তবে তাকে শেষ পর্যন্ত গ্রেফতার করা হবে কিনা, এ নিয়ে জনমনে সেই পুরনো সন্দেহ ফের উঁকি দিচ্ছে।

ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের গ্রেফতার প্রশ্নে মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ওয়েট করেন, এত তাড়াহুড়া করছেন কেন।’ ক্যাসিনো কেলেঙ্কারিতে সম্রাটকে ছাড় দেয়া হচ্ছে কিনা- জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, কাউকে ছাড় দেব এমন কোনো কথা আমরা বলিনি।

যাকে আপনি গ্রেফতার করবেন, সেটা তদন্ত করে উপযুক্ত প্রমাণ নিয়েই গ্রেফতার করার মতো অবস্থা হলে অবশ্যই গ্রেফতার করা হবে। এবং বলা আছে কাউকে ছাড় দেয়া হবে না।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর