ক্যাসিনো গডফাদার ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিষয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। তাকে নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। এমনকি কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্রাটের অসুস্থ হওয়ার ভুয়া ছবি দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রগুলো সম্রাটের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলছে না। তবে তিনি গোয়েন্দাজালে আছেন- এ বিষয়ে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। তবে তাকে শেষ পর্যন্ত গ্রেফতার করা হবে কি না, এ নিয়ে জনমনে সেই পুরনো সন্দেহ ফের উঁকি দিচ্ছে।
একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, সম্রাট গ্রেফতার এড়াতে মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছেন। বিভিন্ন মাধ্যমে তদবির করার পাশাপাশি নিজের অসুস্থতার বিষয়টিও তুলে ধরে তিনি বলছেন, তার শারীরিক অবস্থা ভালো নয়। এ কারণে বিদেশে চিকিৎসার সুযোগ চান।
এই বিষয়টি প্রকাশ হওয়ার পর অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্রাটের অসুস্থতার ভুয়া ছবি ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার যে ছবি ছড়িয়ে পড়েছে, সেটি এখনকার ছবি নয়। ওই ছবিতে দেখা যায়, অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে তিনি শুয়ে আছেন।
এই ছবিটি হয় এডিট করা অথবা অনেক আগের ছবি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গ্রেফতার এড়ানোর অংশ হিসেবে সম্রাট তার লোকজন দিয়ে এসব করাচ্ছেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এর বাইরেও আরও অনেকভাবেই তিনি সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন।
তদবির করছেন অনেকের কাছে। যাতে তাকে গ্রেফতার করা না হয়। তাকে বিদেশে চলে যাওয়ার ব্যবস্থা করে দেয়া হয়। এজন্য নানা অঙ্কের অর্থের প্রস্তাব ও প্রলোভনও দেখাচ্ছেন বলে জানা গেছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, যারা সামাজিক যোগোযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, তাদের বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। এসব বিভ্রান্তি ছড়িয়ে চলমান অভিযানকে তারা বিতর্কিত করার চেষ্টা করছে। কারা কী উদ্দেশ্যে এগুলো ছড়াচ্ছে, এ বিষয়েও অনুসন্ধান চলছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, ১৮ সেপ্টেম্বর থেকে অভিযান শুরুর পর মাদক, অস্ত্র ও মানি লন্ডারিং আইনে ১৭টি মামলা হয়েছে। প্রায় প্রতি ঘটনার সঙ্গে সম্রাটের সংশ্লিষ্টতা আছে।
এসব ঘটনার সঙ্গে অনেক রাঘববোয়াল জড়িত বলেও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য রয়েছে। এরই মধ্যে অনেকের নামও প্রকাশিত হয়েছে। শুধু সম্রাটই নন, এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার সোমবার বলেন, ‘ক্যাসিনোসহ নানা অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান চলমান আছে।
আজও (সোমবার) অনলাইন ক্যাসিনোর প্রধান সেলিম প্রধানকে আইনের আওতায় আনা হয়েছে। অপরাধীদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেলে তাদের গ্রেফতার করা হবে।’
বার্তাবাজার/কেএ