দিনের শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। করাচিতে আজ (সোমবার) দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে বাবর আজমের সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ৩০৫ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে পাকিস্তান।
বাবর আজম তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১১তম ওয়ানডে সেঞ্চুরি। ১০৫ বলে ৮ বাউন্ডারি আর ৪ ছক্কায় ১১৫ রানের ঝড়ো এক ইনিংস খেলে আউট হন এই ব্যাটসম্যান।
এছাড়া ওপেনার ফাখর জামান ৫৪ আর ইমাম উল হক করেন ৩১ রান। হারিস সোহেলের ব্যাট থেকে আসে ৪০। আর শেষদিকে ২০ বলে ২টি করে চার ছক্কায় ৩২ রানের হার না মানা এক ইনিংস খেলেন ইফতিখার আহমেদ।
শ্রীলঙ্কার পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে ২ উইকেট পেলেও তিনি খরচ করেছেন ৬৩ রান। জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই খেই হারিয়ে ফেলে শ্রীলংকা। দলীয় ১৮ রানে প্রথম উইকেট হারানো দলটি ২৮ রানের মধ্যে হারিয়ে ফেলে ৫ উইকেট। এতে দারুন চাপে পড়ে থিরিমান্নের দল।
তবে দানুস সানাকাকে সাথে নিয়ে শক্ত হাতে সেই চাপ সামাল দেন সেহান জয়সুরিয়া। যদিও তাদের ব্যাটিং দলকে জয় এনে দেওয়ার জন্যে যথেষ্ট ছিল না। সেহান ৯৬ এবং দাসুন ৬৮ রান করে বিদায় নেন।
আর এই দুজনের বিদায়ের ফলে ম্যাচ থেকে ছিটকে যায় শ্রীলংকা। শেষ পর্যন্ত ৪৬.৫ ওভার ব্যাটিং করে শ্রীলংকার ইনিংস গুটিয়ে যায় ২৩৮ রানে। পাকিস্তানের পক্ষ্যে ৫ উইকেট নেন উসমান শিনওয়ারি। এ ছাড়া দুই উইকেট নেন সাদাব খান।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান- ৩০৫/৭ (৫০ ওভার)
বাবর ১১৫, ফখর ৫৪
ওয়ানিন্দু ৬৩/২, উদানা ৫৯/১
শ্রীলংকা ২৩৮ (৪৬.৫ ওভার)
সেহান ৯৬ , শানাকা ৬৮
শিনওয়ারি ৫১/৫ ,সাদাব ৭৬/২
ফল: পাকিস্তান ৬৭ রানে জয়ী।
বার্তাবাজার/কেএ