অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চলছে বেকারীর কার্যক্রম

ঢাকার ধামরাইয়ের শরীফবাগ এলাকায় ‘ভাই ভাই বেকারী’ নামের একটি বিস্কুট, কেক,পাউরুটি, চানাচুরসহ বিভিন্ন ধরণের খাবার ও শিশু খাদ্য তৈরীর কারখানা অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে কার্যক্রম চালাচ্ছে। সরেজমিন পরিদর্শনে গিয়ে তাদের খাদ্যদ্রব্য প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ এবং মেয়াদত্তীর্ণ তারিখ পাওয়া যায় নাই।

প্যাকেটের ওপর নেই উৎপাদন কিংবা মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ।

উপজেলার শরীফবাগ বাজারে ভাই ভাই নামক বেকারীতে গিয়ে দেখা গেছে, এখানে কর্মরত কারিগরদের শরীরে কোন ‘ইউনিফরম’ না থাকার কারণে তাদের শরীর থেকে ঘাম পড়ে ময়দায় মেখে যাচ্ছে। আবার সেই ময়দা দিয়েই তৈরি করা হচ্ছে এই বেকারীর বিভিন্ন বেকারী পণ্য যেমন বিস্কুট,কেক, পাউরুটি। এছাড়াও বেকারীর কারিগরদের হাতে কোন গ্লাভস না থাকায় এবং মাথার চুল খোলা থাকায় খাদ্যদ্রব্যের সাথে মাথার চুল এবং হাত ও নখের ময়লা অবাধে মিশে যাচ্ছে।

ব্যবহৃত হচ্ছে পুরনো তেল।

আবার, এগুলো তৈরি করার বিশাল চুল্লির আশপাশে দেখা গেলো ময়লা আবর্জনার স্তপ। তাছাড়া স্যাঁতস্যাতে ভেজা মেঝের উপর তৈরি খাবার পণ্য রাখা হয়েছে যেগুলোর উপরে মাছি অবাধে উড়ছে।

এই প্রতিবেদক মেঝেতে রাখা একটি ড্রাম দেখতে পান যেটার ভিতরে দীর্ঘদিনের পোড়া তৈল রাখা হয়েছে যা ব্যবহারে মানবদেহের জন্য ভয়াবহ ক্ষতির কারণ ডেকে আনবে। শুধু তাই নয়, খাদ্যদ্রব্য প্রস্ততের সময় তার সাথে মেশানো হচ্ছে কৃত্রিম রং যা মানবদেহের জন্য মারাত্বক ক্ষতিকর। এছাড়া এমোনিয়াম নামে একটি বেকিং পাউডার খোলা ময়দা ও চিনির সাথে মিশিয়ে তৈরি করা হচ্ছে বেকারী পণ্য।

নোংরা পরিবেশে তৈরী হচ্ছে খাবার।

এই অস্বাস্থ্যকর পরিবেশে ভাই ভাই বেকারীর মালিক মোঃ জিয়াউর রহমান এর কাছে জানতে চাইলে তিনি জানান, নিয়মমতই বেকারী চলছে। এপ্রসঙ্গে তার তৈরীকৃত পণ্যের বিএসটিআই’র অনুমোদন আছে কিনা জানতে চাইলে তিনি রেগে গিয়ে বলেন ‘আপনি কে যে আপনাকে বিএসটিআই’র অনুমোদন দেখাতে হবে? আমি আপনাকে বিএসটিআই দেখাব না আপনি যা পারেন তা করেন। বেকারী কিভাবে চলবে সেটাও আমি দেখবেন বলে জানান।

তবে বেকারীতে কর্মরত কারিগরকে ড্রামের ভিতর কালো তেলের কথা বললে সে জানায়, তাদের বেকারীর মালিক এই গুলি দিয়েই কাজ করতে বলছে, তারা কি করবে?

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সামিউল হক এর মুঠোফোনে কল করে তাকে পাওয়া না যাওয়ায় এবিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর