এক-দুই করে ২১ বছরে পা দিল চ্যানেল আই। ‘কোটি প্রাণে মিশে, আমরা এখন ২১-এ’ প্রতিপাদ্যে বিশ্বময় বাংলা ভাষাভাষীর স্বপ্ন, আকাঙ্ক্ষা আর জীবনধারার প্রিয় সঙ্গী চ্যানেল আই পথচলার ২০ বছর পার করেছে। বর্ণিল আয়োজন, আনন্দ-উল্লাস আর উৎসবমুখরতায় সারা দেশের ন্যায় সিরাজগঞ্জে উদযাপিত হল এ দিনটি।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ উপলক্ষে আমার চ্যানেল আই দর্শক ফোরাম’র উদ্যোগে আলোচনা সভা, র্যালি ও কেক কাটার আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ডঃ ফারুক আহম্মেদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ ও সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।
চ্যানেল আই যেন তার অবস্থান থেকে দেশ ও দেশের মানুষের কল্যাণে শতভাগ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে পারে এ শুভ কামনা জানিয়ে চ্যানেল আই’র শত বছর পাঠকদের মাঝে বেঁচে থাকার আশা ব্যক্ত করেন সিরাজগঞ্জের সকল গণমাধ্যমকর্মীসহ অনুষ্ঠানে আগত বিশিষ্টজনেরা।
বার্তাবাজার/এম.কে