খুলনা মহানগরীতে আওয়ামী লীগ কার্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় খানজাহান আলী থানাধীন শিরোমণি আওয়ামী লীগ কার্যালয়ে বোমা বিস্ফোরণের এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় ৬টা ২০ মিনিটে অপরিচিত এক যুবক (৩০) একটি বাজারের ব্যাগ নিয়ে আওয়ামী লীগ অফিসে প্রবেশ করেন। এ সময় অফিসে অবস্থানকারী ছাত্রলীগ কর্মী সুমনকে বাথরুমে যাওয়ার কথা বলে ব্যাগটি রেখে যান ওই যুবক। রেখে যাওয়ার ১০ মিনিটের মধ্যে ব্যাগে রাখা বোমাটি বিকট শব্দে বিস্ফোরণ হয়।
তবে বোমা বিস্ফোরনের ঘটনায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা না ঘটলেও অফিসের আসবাবপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
বোমা বিস্ফোরনের খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে বোমা বিস্ফোরণের পরপরই এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান আওয়ামী লীগের নেতারা।
পথসভায় বক্তব্য দেন আটরা গিলাতলা ইউপির চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, খুলনা জেলা তাঁতী লীগের সদস্য সচিব কাজী আজাদুর রহমান হিরোক, শাহারা ইরানি প্রিয়া, যুবলীগ নেতা মিজানুর রহমান রুপম, তরিকুজ্জামান মনির, শেখ তরিকুল ইসলাম, থানা তাঁতী লীগের আহ্বায়ক বিপ্লব ও খুলনা মহানগর ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক শেখ নাজমুল হক অয়ন।
বার্তাবাজার/ডব্লিওএস