নকলা ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করলেন জেলা প্রশাসক

শেরপুর জেলার নকলা উপজেলায় ৩৬ জন ভিক্ষুককে পুনর্বাসিত করার মাধ্যমে ২ নং নকলা ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়েছে।

৩০ সেপ্টেম্বর সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ভিক্ষুকদের মাঝে বিভিন্ন উপকরণ সহায়তা দিয়ে জেলা প্রশাসক আনার কলি মাহবুব আনুষ্ঠানিকভাবে ওই ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করেন।

এ উপলক্ষে ভিক্ষুক পুনর্বাসন এবং মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ বিষয়ক সচেতনতা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আনার কলি মাহবুব।

তিনি সমবেত জনতার উদ্দেশ্যে বলেন, আর নয় ভিক্ষা, যে যেমন কাজ পারেন, তাদের মাঝে দিতে হবে কাজের শিক্ষা। বাংলাদেশ ভিক্ষুকের দেশ না, এদেশ একটি উন্নত দেশ। বাংলাদেশ বর্তমানে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

তাই কোনো ভিক্ষুককে আর ভিক্ষা দেবেন না। ভিক্ষার পেশা সম্মানের না। আপনারা যদি ভিক্ষা না দেন তাহলে ভিক্ষুকরা আর ভিক্ষা করতে পারবে না। শেরপুর জেলাকে ভিক্ষুকমুক্ত করতে সকল ভিক্ষুককে পুনর্বাসন করতে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন শাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান মো. আনিসুর রহমান সুজা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর