রিফাত হত্যা : ৬ কিশোরের জামিন নামঞ্জুর

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার চার্জশিটভুক্ত ৬ কিশোরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শুনানি শেষে বরগুনার শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান অভিযুক্ত ৬ জনের জামিন আবেদন নামঞ্জুর করেন।

জামিন আবেদন নামঞ্জুর হওয়া অভিযুক্ত কিশোররা হলেন, রাশিদুল হাসান রিশান ফরাজী, মো. অলিউল্লাহ অলি, জয় চন্দ্র সরকার চন্দন, মো. তানভীর হোসেন, মো. নাজমুল হাসান এবং রাতুল সিকদার জয়। জামিন নামঞ্জুর হওয়া এসব অভিযুক্তরা সবাই যশোর শিশু-কিশোর সংশোধনাগারে রয়েছে।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নার্গিস পারভীন বলেন, আদালতের নির্দেশে শিশু-কিশোর সংশোধনাগারে থাকা রিফাত হত্যা মামলার চার্জশিটভুক্ত ৬ কিশোর অভিযুক্তের আইনজীবীরা জামিনের আবেদন করেছিলেন বরগুনার শিশু আদালতে। পরে শুনানি শেষে আদালত সবার জামিন আবেদন নামঞ্জুর করেন।

রিফাত শরীফ হত্যা মামলায় অভিযুক্ত ২৪ জনের মধ্যে ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ৬ জন অপ্রাপ্তবয়স্ক রয়েছে। তাদের যশোর শিশু-কিশোর সংশোধনাগারে রাখা হয়েছে। অপ্রাপ্তবয়স্ক এসব অভিযুক্তদের মধ্যে মো. রাশেদুল হাসান ওরফে রিশান ফরাজী ও মো. তানভীর হোসেনের বিরুদ্ধে একটি করে হত্যাচেষ্টা ও মারধরের মামলা রয়েছে। এছাড়া মো. ওয়ালিউল্লাহ অলি নামে ৪ নম্বর অভিযুক্তের বিরুদ্ধে একটি মাদক ও একটি হত্যাচেষ্টার মামলা রয়েছে।

এ মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. হামায়ুন কবির চার্জশিটে উল্লেখ করেন, মামলার এজহার ও তদন্তে যাওয়া অভিযুক্তদের বয়সের বিবেচনায় দুইভাগে ভাগ করে চার্জশিটটি দাখিল করা হয়েছে। এর মধ্যে প্রাপ্তবয়স্ক অভিযুক্তদের নিয়ে গঠিত চার্জশিতে মোট অভিযুক্তের সংখ্যা ১০ জন আর অপ্রাপ্তবয়স্ক অভিযুক্তদের নিয়ে গঠিত চার্জশিটে মোট অভিযুক্তের সংখ্যা ১৪ জন।

উল্লেখ্য, গত ২৬ জুন প্রকাশ্য দিবালোকে বরগুনা সরকারি কলেজ রোডে স্ত্রী মিন্নির সামনে কুপিয়ে জখম করা হয় রিফাত শরীফকে। পরে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় রিফাতের বাবা আবদুল হালিম শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে মামলা করেন। হত্যাকান্ডে প্রধান অভিযুক্ত নয়ন বন্ড ২ জুলাই ভোরে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। এর মধ্যে মামলার অন্য আসামিদের গ্রেফতার করা হয়।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর