ভোট কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে- সিইসি

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে রংপুর ৩ আসনটিতে শূন্য ঘোষণা করে হয়। আগামী ৫ অক্টোবর এ আসনে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন উপলক্ষে আজ বেলা দেড়টায় রংপুর জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা বিষয়ক সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা সাংবাদিকদের বলেন “বিগত সময়ে নির্বাচনের মতোই রংপুর-৩ আসন উপ-নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

ভোটকেন্দ্রে কোনো ধরনের শক্তি প্রয়োগ বা কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করা হবে। আমরা শান্তিপূর্ণ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রস্তুত।

তিনি আরও বলেন, ‘ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে যেতে পারে এবং পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে কেন্দ্র থেকে ফিরতে পারে সে জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া রয়েছে। কেউ কোনো অপ্রীতিকর ঘটনা বা পরিবেশ সৃষ্টির সুযোগ পাবে না।

আমাদের কাছে কোনো কেন্দ্রের অভিযোগ আসলে এবং তা প্রমাণিত হলে সঙ্গে সঙ্গেই ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করা হবে। যতগুলো কেন্দ্রে অভিযোগ আসবে, ততগুলোই বন্ধ করা হবে।’

ইভিএমে ভোট জালিয়াতি নিয়ে বিএনপি প্রার্থীর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিগত সময় আপনারা ইভিএমে নির্বাচন দেখেছেন। এ নিয়ে কোনো শঙ্কা থাকার কথা নয়। এটা ইলেকট্রনিক ভোটিং মেশিন হওয়াতে ক্রটি বিচ্যুতি ঘটতে পারে, এর দ্রুত সমাধানে আমাদের বাহিনী প্রস্তুত থাকবে।’

নির্বাচন উপলক্ষে কমিশনসহ সব বাহিনীর প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সবকটি কেন্দ্রে ইভিএমে ভোট অনুষ্ঠিত করার জন্য প্রশিক্ষণও শেষ হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ইভিএমে ফলাফল ঘোষণা করতে বিলম্ব হওয়ার প্রসঙ্গে সিইসি বলেন, ‘আমরা নাগরিক হিসেবে আগে তো নির্বাচনের দু-একদিন পরে ফল ঘোষণা হতে দেখেছি।

এখন তো তা হচ্ছে না। ইভিএমে ভোটগণনা সহজ করে দিয়েছে। খুব বেশি দেরি হয় না। আমরাও চেষ্টা করি দ্রুত ফলাফল জানিয়ে দিতে। অথচ উন্নত বিশ্বের অনেক দেশে এখনো ভোট গ্রহণের এক দেড় মাস পর ফলাফল ঘোষণা হয়। আমাদের দেশে তা হয় না।

সভায় উপস্থিত ছিলেন- রংপুর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, জিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার,পুলিশ সুপারসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর