পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত খুনের আসামি

চট্টগ্রামে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে মো. আইয়ুব (২৬) নামে হত্যা মামলার এক আসামি।

সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোরে নগরের অনন্যা আবাসিক সংলগ্ন দক্ষিণ কুয়াইশ এলাকায় এই ঘটনাটি ঘটে। বন্দুকযুদ্ধে নিহত মো. আইয়ুব (২৬) হাটহাজারী থানাধীন কুয়াইশ এলাকার মো. সোলায়মানের ছেলে।

চান্দগাঁও থানার ওসি আবুল কালাম বলেন, গত ২৫ সেপ্টেম্বর কালুরঘাট বিসিক এলাকায় দুইজন শ্রমিক ছিনতাইয়ের শিকার হন। এ সময় বাচ্চু হাওলাদার নামে এক শ্রমিক বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

ওই ঘটনার পর ভিডিও ফুটেজ সংগ্রহ করে এক আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আদালতে সে তার জবানবন্দি দেয়। তার দেওয়া তথ্যমতে অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করে।

ওসি আরও বলেন, সোমবার ভোররাতে শ্রমিক হত্যার ঘটনায় জড়িত কয়েকজন দক্ষিণ কুয়াইশ এলাকায় অবস্থান করার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ছিনতাইকারীরা গুলি ছুঁড়ে।

জবাবে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। গোলাগুলির একপর্যায়ে ছিনতাইকারীর দল পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ এক যুবককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি এলজি, ৬ রাউন্ড কার্তুজ, দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় যে, নিহত আইয়ুব বিসিক এলাকায় ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিল।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর