সৌদি জোটের ওপর সামরিক অভিযানের ভিডিও প্রকাশ, নিহত ৫০০

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের বিরুদ্ধে যে বিশাল সামরিক অভিযান চালিয়েছে সেটির ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তারা। ৭২ ঘণ্টার ওই অভিযানে সৌদি আরবের ৫০০ সামরিক কর্মকর্তা এবং সেনা সদস্যকে হত্যা করেছে তারা।এবং কয়েক হাজারকে আটক করা হয়েছে বলে দাবি করেছে হুথি।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ইয়েমেনের রাজধানী সানায় এক সংবাদ সম্মেলনে দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সৌদি আরবের বিরুদ্ধে পরিচালিত অভিযানকে ‘আল্লাহর পক্ষ থেকে বিজয়’ বলে অভিহিত করেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৬ মার্চ দারিদ্র্যপীড়িত ইয়েমেনের বিরুদ্ধে বর্বর সামরিক আগ্রাসন শুরু করার পর সৌদি সেনাদের ওপর এটি ছিল ইয়েমেনি সেনাবাহিনী ও হুথিদের সবচেয়ে বড় অভিযান।

ইয়েমেনে সামরিক বাহিনী যে ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তাতে সৌদি আরবের কোন এলাকায় তারা অভিযান চালিয়েছে তার যেমন বর্ণনা রয়েছে; তেমনি ইয়েমেনি যোদ্ধারা সৌদি অবস্থানে যে সমস্ত গোলাবর্ষণ করছে তার দৃশ্য রয়েছে।

ভিডিওতে সৌদি সেনা এবং তাদের ভাড়াটে সন্ত্রাসীদের পালিয়ে যেতে দেখা যায়। পাশাপাশি বহুসংখ্যক সামরিক যান ধ্বংস হয়ে পড়ে আছে রাস্তার আশেপাশে- তাও দেখা যাচ্ছে।

এছাড়া বহু মৃতদেহ যেখানে সেখানে পড়ে থাকতে দেখা গেছে। আটক সৌদি সমর্থিত অনেক গেরিলা জানিয়েছে, তারা লোভে পড়ে অর্থের বিনিময়ে সৌদি আরবের পক্ষে ইয়েমেনের জনগণের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর