অনৈতিক সম্পর্ক: প্রবাসীর স্ত্রী ও ইমামকে ২০০ টাকা করে জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কাজের অভিযোগে সাবেক এক ইমামকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে দিয়েছে জনতা। পরে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে তাদের অনৈতিক কাজ প্রমাণিত না হলেও ‘অনৈতিক কাজের চেষ্টা’র অভিযোগে তাদের ২০০ টাকা করে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) উপজেলার বাসাইল ইউনিয়নের পাথরঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উত্তর গুয়াখোলা সরকারবাড়ি জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা মোশারফ হোসেনকে (২৮) গতকাল ভোরে গ্রামের এক প্রবাসীর স্ত্রীর ঘর থেকে বের হতে দেখে তাকে আটক করে জনতা।

এরপর তাকে গাছের সঙ্গে বেঁধে উত্তম-মধ্যম দেওয়া হয়। পরে ইমাম ও ওই নারীকে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিনাত ফৌজিতা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ প্রমাণ করতে পারেনি স্থানীয় জনতা। তবে তাদের মোবাইল ফোন পরীক্ষা করে দেখা যায় একে অন্যের সঙ্গে যোগাযোগ ছিল। তাই অনৈতিক কাজের উদ্দেশ্যে নারীর ঘরে প্রবেশের চেষ্টার অভিযোগে তাদের দুজনকে ২০০ টাকা করে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর