নগদ প্রায় ৫ লাখ টাকা ও ৩০৩ বোতল ফেনসিডিলসহ পিরোজপুর জেলা ছাত্রলীগের নেতা মশিউর রহমান ওরফে শুভকে (৩৫) আটক করেছে পুলিশ। এ সময় তার সহযোগীকেও আটক করেছে পুলিশ।
রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে পিরোজপুর পৌরসভার ঝাটকাঠী এলাকার নিজ বাসা থেকে শুভকে আটক করা হয়।
আটক শুভ পিরোজপুর সদর উপজেলার চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক। তিনি সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের বড়জালা গ্রামের মৃত আশ্রাফ আলী খানের ছেলে এবং পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সরকারী সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস এমডি মেজবাউদ্দিন সাবুর ভাই। আর তার সহযোগী পৌর এলাকার আলামকাঠী গ্রামের বাসিন্দা রনজিৎ কুমার বসুর ছেলে সঞ্জয় কুমার বসুকেও (৩০) আটক করা হয়।
এর আগে রোববার রাত ৮টা থেকে শুভর বাসা ঘিরে রেখে ব্যাপক তল্লাশি চালায় পুলিশ। এ সময় তার শয়নকক্ষের খাটের নিচে অভিনব কায়দায় রাখা ৩০৩ বোতল ফেনসিডিল ও বাসার আলমারি থেকে নগদ ৪ লাখ ৯৮ হাজার ৫৩০ টাকা উদ্ধার করা হয়।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মশিউর রহমান শুভর বাসায় অভিযান চালিয়ে খাটের নিচে বিশেষ কায়দায় রাখা ফেনসিডিল এবং পরে আলমারি থেকে টাকা উদ্ধার করা হয়।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম বাদল জানান, আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে।
বার্তাবাজার/এএস