লোকমান-ফিরোজের ব্যাংক হিসাব জব্দ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া ও কলাবাগান ক্রীড়া চক্রের সভাপতি মোহাম্মদ শফিকুল আলম ফিরোজকে ক্যাসিনো পরিচালনার অভিযোগে গ্রেফতারের পর এবার তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তাদের দুজনের হিসাব জব্দ করতে ব্যাংকগুলোতে চিঠি দিয়েছে।

বিএফআইইউ থেকে পাঠানো পৃথক দুটি চিঠিতে বলা হয়, লোকমান ও ফিরোজের নামে কোনো হিসাব অতীতে বা বর্তমানে পরিচালিত হয়ে থাকলে সে হিসাবের যাবতীয় তথ্য (হিসাব খোলার ফর্ম, কেওয়াইসি, ট্রানজেকশার, প্রোফাইল, শুরু থেকে হালনাগাদ বিবরণী) ভিত্তিতে আগামী পাঁচদিনের মধ্যে জানাতে হবে। তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টগুলো আগামী ৩০ দিনের জন্য ফ্রিজ (অবরুদ্ধ) থাকবে।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর রাতে তেজগাঁওয়ের মনিপুরী পাড়ার বাসা থেকে বিপুল পরিমাণ মাদকসহ লোকমান হোসেনকে গ্রেফতার করে র‌্যাব। র‌্যাব-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ পরে এক সংবাদ সম্মেলনে বলেন, মোহামেডান ক্লাবে অবৈধ ক্যাসিনো ভাড়া দিয়ে কোটি কোটি টাকা উপার্জন করেছেন লোকমান। তার এ টাকা অস্ট্রেলিয়ায় কমনওয়েলথ ও এএনজেড ব্যাংকে রাখা আছে।

লোকমানের বরাত দিয়ে তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ার ওই দুই ব্যাংকে তার ৪১ কোটি টাকা রয়েছে। ছেলে অস্ট্রেলিয়ায় পড়ার সুবাদে তিনি মাঝে মধ্যে সেখানে যান।

এদিকে গত ২০ সেপ্টেম্বর কলাবাগান ক্লাবে অভিযান চালিয়ে শফিকুল আলমসহ পাঁচজনকে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ গ্রেফতার করে র‌্যাব। অবৈধ অস্ত্র ও মাদক রাখার অভিযোগে পরে র‌্যাব বাদী হয়ে দুটি মামলা করেন র‌্যাব-২ এর পরিদর্শক মোহাম্মদ আব্দুল হামিদ খান। এতে শুধু ফিরোজকে আসামি করা হয়।

কলাবাগান ক্রীড়া চক্রের সভাপতি মোহাম্মদ শফিকুল আলম ফিরোজ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বায়রার সিনিয়র সহ-সভাপতি। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর