বিশ্বকাপের বাছাইপর্বে স্বাগতিক কাতারের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দুটি প্রীতি ম্যাচের আয়োজন করে। দুই ম্যাচের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় রোববার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
খেলার প্রথম থেকেই বলের দখল নিয়ে আক্রমণে ওঠে বাংলাদেশ। ১২ মিনিটে নাবিব নেওয়াজ জীবনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ৩৮ মিনিটে মোহাম্মদ ইব্রাহিমের পাস থেকে আবারও গোল করেন জীবন।
জীবনের জোড়া গোলে ভুটানের বিপক্ষে ২-০ গোলে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ। যদিও দ্বিতীয়ার্ধের শুরুতে ৫১ মিনিটের মাথায় ভুটানের পক্ষে ব্যবধান কমিয়ে লড়াইয়ের আভাস দেন দর্জি।
এই লড়াইয়ে বেশীক্ষণ টিকতে পারেনি সফরকারীরা। ম্যাচের ৬২ মিনিটে বদলি খেলোয়াড় রবিউল ইসলামের গোল আর ৭৪ মিনিটের সময় বিপুল আহমেদের গোলে ব্যবধান দ্বিগুণ করে লাল-সবুজ জার্সিধারীরা।
শেষ পর্যন্ত আর কোনও গোল না হলে ৪-১ গোলের বড় জয় পেলো বাংলাদেশ। আগামী ৩ অক্টোবর একই ভেন্যুতে আবারো মুখোমুখি হবে দুদল।
বার্তাবাজার/ডব্লিওএস