ঢাকার সাভারে ডেইরি ফার্ম এলাকায় ফেলে যাওয়া হানিফ বাস কাউন্টার কর্মী রবিউল হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে আশুলিয়া থানার পুলিশ। ঢাকা-আরিচা মহাসড়কের সিসি টিভি ফুটেজের সূত্র ধরে মাত্র ৭২ ঘন্টায় এই হত্যা রহস্য উদঘাটন করে ডাকাত দলের ৩ সদস্যকেও গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে আটক ওই তিনজনকে সাভারের হেমায়েতপুর থেকে গ্রেফতার করা হয়। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত বাসটিও উদ্ধার করে পুলিশ।

রবিবার (২৯ সেপ্টেম্বর) আশুলিয়া থানা ডাকাত দলের ৩ সদস্যকে গণমাধ্যমের সামনে এনে ব্রিফিং করেছেন। আটক তিন ডাকাত সদস্যরা হলো- খুলনার দিঘলিয়া থানার সেনহাটি গ্রামের মৃত আলম খাঁর ছেলে কবির হোসেন ওরফে রুবেল, সাভারের জয়নাবাড়ি গ্রামের মোঃ নুর আলমের ছেলে সজিব হোসেন এবং আব্দুল গিয়াসের ছেলে মোঃ রবিউল।
পুলিশ জানায়, আটককৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। এরা দিনে বিভিন্ন কারখানার শ্রমিকদের আনা নেয়া করে এবং রাতে যাত্রী বেশে ডাকাতি করে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানান, নিহত রবিউল বাসে ডাকাতির কবলে পড়ে নিজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়েছিলো। এতে করে ডাকাতরা ভয় পেয়ে তাকে হত্যা করে মহাসড়কের পাশে ডেইরি ফার্ম এলাকায় ফেলে দেয়। এঘটনায় বাকী ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুল ফটকের বিপরীতে ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে রবিউল ইসলাম রবিনের মরহেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের মা বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে আশুলিয়া থানা মামলা দায়ের করেন।
বার্তাবাজার/কে.জে.পি