পটুয়াখালীতে হত্যা মামলার প্রধান আসামি সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে দোয়ারিকা-শিকারপুর টোলঘর এলাকায় অভিযান চালিয়ে মোঃ মশিউর রহমান ওরফে শামিম খলিফা(৪০) এবং তার ভাই অপর আসামী মিলন খলিফা(২৭) দ্বয়কে গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার(সদর) শেখ বিল্লাল হোসেন জানান, পটুয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মইনুল হাসান (পিপিএম) মহোদয়ের নির্দেশনায় ২৭ সেপ্টেম্বর সকাল থেকে তার নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল প্রধান আসামি মোঃ শামিম খলিফাকে গ্রেফতার করার জন্য তার পিছু নেয়। ২৭ তারিখ সকালে সে পালিয়ে এসে পটুয়াখালী শহরের কাঠপট্টি এলাকায় অবস্থান করছেন মর্মে সংবাদ পেয়ে পুলিশ পুরা এলাকা ঘিরে অভিযান করে। কিন্তু তার আগেই সে পালিয়ে যায়। গতকাল ডিবি পুলিশের আভিযানিক দলটি জানতে পারে যে, আসামী বরিশালে অবস্থান করছে।
এ তথ্যের ভিত্তিতে বরিশালে অভিযান চালিয়ে জানতে পারে আসামী রাতের বাসে ঢাকা চলে যাবে। ডিবি পুলিশের দলটি পুলিশ সুপার মহোদয়কে জানালে তিনি বরিশাল জেলা পুলিশের সহায়তায় দোয়ারিকা-শিকারপুর টোলঘরে চেকপোস্ট করার নির্দেশ প্রদান করেন। উক্ত স্থানে কয়েক ঘণ্টাব্যপি চেকপোস্ট করে রাত আনুমানিক ১২ ঘটিকায় ঢাকাগামী একটি বাস থেকে প্রধান আসামী মোঃ মশিউর রহমান ওরফে শামিম খলিফা(৪০) এবং তার ভাই অপর আসামী মিলন খলিফা(২৭) দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের স্বীকারোক্তিতে ঘটনাস্থলের পাশে জালাল খলিফার বাড়ি হতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ০১ টি বড় রামদা, ০১ টি ছোট রামদা, ০২ টি হকিস্টিক, ০৩ টি ক্রিকেট স্টাম্প উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর ২০১৯ ভোর আনুমানিক ০৪ ঘটিকায় একটি দুষ্কৃতীকারী দল জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পটুয়াখালী জেলার কলাপাড়া থানার ছলিমপুর গ্রামের রশিদ খলিফার বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় আব্বাস হাওলাদার (৫৫), হাচন বানু(৫৫), শামিম(২৮), রশিদ খলিফা(৫৫), রফিক খলিফা(৬০), সেলিনা বেগম(৪২), শাহাভানু(৫২)দের কোপাইয়া ও পিটিয়ে মারাত্মক আহত করে এবং বসত ঘরে ব্যাপক ভাঙচুর চালায়। আহতরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ -এ কল করলে কলাপাড়া থানা পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে কর্তাব্যরত চিকিৎসক আব্বাস হাওলাদারকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় মৃতের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে কলাপাড়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিকভাবে আসামী আনোয়ার খলিফা(৩৫), আনু মল্লিক(৪৫), লাইজু আক্তার (৩৬), মোঃ সিয়াম ওরফে সিমন(২২), আল-আমিন মল্লিক(২৪), মোঃ রুবেল হাওলাদার(৩১), বেল্লাল গাজী(২২), মোঃ রাজু(২২) দেরকে গ্রেফতার করে। কিন্তু এই হত্যাকাণ্ডের প্রধান আসামি মোঃ শামিম খলিফা(৪০) পালিয়ে যেতে সক্ষম হয়।
বার্তাবাজার/কে.জে.পি